কোরবানির জন্য গোলাপি মহিষের চাহিদা বাড়ছে

কোরবানির জন্য গোলাপি মহিষের চাহিদা বাড়ছে

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৬ জুন, ২০২৪, আপডেট ১৪:৫৫

বাংলাদেশে অ্যালবিনো জাতের গোলাপি মহিষ তেমন একটা দেখা যায় না। তবে দিনে দিনে এ জাতের মহিষের পরিচিতি বাড়ছে। রং ও স্বাদের কারণে বাড়ছে চাহিদাও। কোরবানি ঈদের বাজারেও বেড়েছে এই গোলাপি মহিষের চাহিদা তাই খামারিরাও ঝুঁকছেন গোলাপি মহিষ পালনে।

আশুলিয়ার শ্রীপুর গণকবাড়ি এলাকার কাইয়ুম এগ্রোতে দেখা মেলে প্রায় অর্ধশত অ্যালবিনো জাতের গোলাপি মহিষ। এ ছাড়াও আছে মুররাহ, নিলিরাভি ও জাফরাবাদী জাতের মহিষও। গত কয়েক বছর ধরেই দেশের সবচেয়ে বড় বাণিজ্যিক মহিষের এই খামারে অন্যান্য জাতের মহিষের সঙ্গে গোলাপি মহিষও বিক্রি হচ্ছে।

খামার মালিক জানান, কোরবানির ঈদকে কেন্দ্র করে দেশের বাজারে এই গোলাপি মহিষ বিক্রি হচ্ছে কয়েক বছর ধরেই। গোলাপি মহিষগুলো দেখতে যেমন নজরকাড়া, এর মাংসও খেতে সুস্বাদু। শুধু বাইরে থেকে নয় এর মাংস দেখতেও গোলাপি রঙের। এই খামারে ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৪০০ টাকা কেজি প্রতি দামে বিক্রি হচ্ছে এই গোলাপি মহিষ। একেকটি অ্যালবিনো মহিষের ওজন হয় প্রায় ৪০০ থেকে ৮০০ কিংবা ৯০০ কেজি পর্যন্ত।

মূলত অ্যালবিনো জাতের এই মহিষ পাওয়া যায় আমেরিকার বিভিন্ন এলাকায়। সুখ্যাতি ছড়িয়ে পড়ায় সারা বিশ্বের খামারিরা এখন এই মহিষ পালনে উৎসাহী হয়ে উঠেছেন। সেই সঙ্গে ক্রেতারাও রুচির পরিবর্তন আনতে ঝুঁকছেন গোলাপি মহিষের দিকে।

আব্দুল কাইয়ুম জানান, প্রায় ৯ বছর আগে শখের বশে সাভারের আশুলিয়ায় ৭ বিঘা জমিতে এই খামার গড়ে তোলেন। প্রথমে শুধু গরু-ছাগল থাকলেও এখন এখানে আছে মহিষ ও দুম্বাও। গরু ছেড়ে কেন মহিষের দিকে ঝুঁকছেন জানতে কথা হয় খামার মালিকের সঙ্গে। তিনি বলেন, ‘মহিষের রোগ-ব্যাধি কম। গরুর চেয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা মহিষের ভালো। এ ছাড়া মহিষের মাংসে গরুর চেয়ে ক্ষতিকর খাদ্য উপাদান কম আছে। অনেকেই এখন মহিষের মাংসের দিকে ঝুঁকেছে তাই আমিও মহিষ পালন শুরু করেছি। এ ছাড়া মহিষের খরচের তুলনায় বিক্রিতে লাভ থাকে বেশি।’

সাধারণত এই খামারে পশুগুলো বিক্রি হয় ওজনে। খামারেই ওয়েট স্কেল বসানো আছে। ক্রেতারা এসে ওজন পরখ করে পশু কিনে থাকেন। সাধারণত ৩০০ থেকে ৬০০ কেজির মহিষগুলো বিক্রি হয় প্রতি কেজি ৪৮০ টাকায়। এর চেয়ে বড় আকারের মহিষগুলো আর ওজনে বিক্রি হয় না। সেগুলো দামাদামি করেই কিনে থাকেন ক্রেতারা। যুগের সঙ্গে তাল মিলিয়ে এই খামারটি তাদের ব্যবসা প্রসার করেছে অনলাইনেও। অনলাইনে গরু বা মহিষ দেখে কেনার সুযোগ আছে খামার থেকে। ঢাকার আশপাশের এলাকায় তাঁরা ফ্রি-ডেলিভারিরও সুযোগ দিয়ে থাকেন।

ইউডি/এআর

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading