মোদির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ

মোদির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ

উত্তরদক্ষিণ । সোমবার, ১০ জুন, ২০২৪, আপডেট ১২:০০

টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করার পর নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় নরেন্দ্র মোদিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

রবিবার (৯ জুন) রাতে নয়া দিল্লিতে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ সাংবাদিকদের এই তথ্য জানান।

শপথের পরপরই নবনির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শেখ হাসিনার বৈঠক হয় জানিয়ে হাছান মাহমুদ বলেন, ভবিষ্যতের দিনগুলোতে দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে বলে আশাবাদ জানিয়েছেন শেখ হাসিনা।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিবেশী দুই দেশের সম্পর্ক বহুমাত্রিক। এখানে অনেকগুলো বিষয় আছে। যেহেতু একই সরকারের ধারাবাহিকতা, তাই কাজ করার ক্ষেত্রে কিছু বাড়তি সুবিধাও রয়েছে।

মন্ত্রী জানান, রাষ্ট্রপতি ভবনে শপথ নেওয়ার পরই নরেন্দ্র মোদির সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় দুই নেতা একে অপরের খোঁজখবর নেন। এরপর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যদের নিয়ে রাষ্ট্রপতি ভবনের ব্যাঙ্কোয়েট হলে যান নরেন্দ্র মোদি, যোগ দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুরের দেওয়া নৈশভোজে।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন, ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে। বৈঠকে ভারতের মধ্য দিয়ে ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির বিষয়ে আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে বর্ষীয়ান বিজেপি নেতা লাল কৃষ্ণ আদভানির সাথে তার বাড়িতে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading