খালে ভেসে এলো জীবিত ডলফিন
উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৪ জুন, ২০২৪, আপডেট ১৪:০০
পটুয়াখালীর কলাপাড়ায় খালে ভেসে এলো ৫ ফুট দৈর্ঘ্য ও দেড় ফুট প্রস্তের একটি বোটলনোজ প্রজাতির জীবিত ডলফিন।
গত বৃহস্পতিবার বিকালে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের জালালপুর গ্রামের আন্ধারমানিক নদী সংলগ্ন খালে ওই ডলফিনটি ভেসে আসে। এসময় ডলফিনটিকে এক নজর দেখতে ভিড় জমায় উৎসুক জনতা।
এনিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া টিমের সদস্যরা খবরটি জানার পর ঘটনাস্থলে পৌছে ডলফিনটিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।
পরে বিকাল পাঁচটার দিকে আন্ধারমানিক নদী সংলগ্ন বঙ্গোপসাগরের মোহনায় ডলফিনটিকে অবমুক্ত করেন তারা।
এ বিষয়ে এ্যানিম্যাল লাভার অব পটুয়াখালীর কলাপাড়া টিমের সদস্য আলম নজির জানান, ধারনা করা হচ্ছে পথভ্রষ্ট হয়ে এটি আন্ধারমানিক নদী হয়ে খালে ঢুকে পড়েছিল।
এর আগে কখনও দক্ষিনাঞ্চলের খালের জলাশয়ে কোন ডলফিন ভেসে আসার খবর পাওয়া যায়নি।
ইউডি/এআর

