সবাই মিলে যদি উৎসব পালন করতে পারি, সেটাই হবে সত্যিকারের উৎসব : জিএম কাদের

সবাই মিলে যদি উৎসব পালন করতে পারি, সেটাই হবে সত্যিকারের উৎসব : জিএম কাদের

উত্তরদক্ষিণ । সোমবার, ১৭ জুন, ২০২৪, আপডেট ১৫:০০

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, দেশের অর্থনৈতিক অবস্থা ভালো নেই। সিংহভাগ মানুষ অর্থনৈতিক কারণে পশু কোরবানি দিতে পারছেন না। ঈদ উৎসবে অংশগ্রহণ করতে পারছেন না, আনন্দ করতে পারছেন না। যাদের সচ্ছলতা আছে তাদের উচিত এই মানুষগুলোর পাশে দাঁড়ানো।

সোমবার (১৭ জুন) রংপুর জেলা মডেল মসজিদ ও ইসলামিক কমপ্লেক্সে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমরা সবাই মিলে যদি উৎসব পালন করতে পারি, সেটাই হবে সত্যিকারের উৎসব। এককভাবে আমরা কোনো উৎসব বা আনন্দ করতে পারি না। আমাদেরকে সম্মিলিতভাবে, সামাজিকভাবে এবং দেশের সকল মানুষ যেন সমানভাবে উৎসব উদযাপন করতে পারে সেজন্য সকলেরই দায়িত্ব আছে।

এ সময় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, জেলা জাতীয় পার্টির সভাপতি আলাউদ্দিন মিয়া, সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

দেশ যেন সুন্দরভাবে চলে এই প্রত্যাশায় আল্লাহর কাছে প্রার্থনা করেছেন উল্লেখ করে জাপা চেয়ারম্যান বলেন, আমাদের দেশটি যেন সুন্দর ও ভালোভাবে চলে। সামনের দিকে যেসব অসহায় গরিব মানুষ আছে তারা যেন সচ্ছলতা ফিরে পায়। আবার যেন আমরা সম্মিলিতভাবে দেশকে এগিয়ে নিতে পারি, সেটা প্রত্যাশা করছি। আমরা একটি সুন্দর, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ চাই। যেখানে ন্যায্যতা-সমতা, সুবিচার থাকবে, কোনো বৈষম্য, অন্যায়-অবিচার থাকবে না। আমরা যেন এ ধরনের বাংলাদেশ উপহার পাই, আল্লাহর কাছে এটাই আমাদের প্রার্থনা।

ইউডি/এজেএস

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading