ভালোবাসায় কবি অসীম সাহাকে বিদায়, বরদেশ্বরী কালী মন্দিরে সমাহিত

ভালোবাসায় কবি অসীম সাহাকে বিদায়, বরদেশ্বরী কালী মন্দিরে সমাহিত

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪, আপডেট ১৭:০০

বাংলা একাডেমি প্রাঙ্গণে কবি অসীম সাহা এসেছিলেন শেষবারের মতো। তার নিথর দেহে শ্রদ্ধা জানিয়ে শেষ বিদায় জানিয়েছেন কবি, শিল্পী, রাজনীতিবিদসহ সর্বস্তরের মানুষ। সদ্যপ্রয়াত কবি ও বাংলা একাডেমির ফেলো অসীম সাহার মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য বৃহস্পতিবার (২০ জুন) সকাল ১১টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত বাংলা একাডেমির নজরুল মঞ্চে রাখা হয়। এ সময় শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি উপদেষ্টা কামাল আবদুল নাসের চৌধুরী, সমাজকল্যাণ মন্ত্রী দীপু মণি, সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আসাদুজ্জামান নূরসহ অনেকে। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা জানান আ ফ ম বাহাউদ্দিন নাসিম, অসীম কুমার উকিল, বিপ্লব বড়ুয়া প্রমুখ।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে মারা যান একুশে পদকপ্রাপ্ত কবি অসীম সাহা। তার বয়স হয়েছিল ৭৫ বছর। শ্রদ্ধা নিবেদনের পর অসীম সাহার মরদেহ রাজধানীর বাসাবোর বরদেশ্বরী কালীমাতা মন্দিরে বিকেল ৪টায় সমাহিত করা হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন কবির ছোট ছেলে অর্ঘ্য সাহা।

বাংলা একাডেমিতে শ্রদ্ধা জানাতে আসা বরেণ্য অভিনয়শিল্পী আসাদুজ্জামান নূর মনে করেন, দ্রোহ এবং প্রেমের কবিতায় অসীম সাহা অনন্য। তিনি বলেন, আমরা তো সমসাময়িক বয়সেরই, একই সময়ে আমরা বেড়ে উঠেছি। অসীম সাহার কবিতায় রাজনৈতিক দ্রোহ যেমন এসেছে, আবার প্রেমের কবিতায়ও তিনি অনন্য। তার লেখায় দ্রোহ এবং প্রেম উঠে এসেছে সাহিত্যের মাধুর্যতা নিয়ে। ভীষণ রাজনীতি সচেতন একজন কবিকে আমরা হারালাম। বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদার নেতৃত্বে কবি অসীম সাহার মরদেহে একাডেমির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় কবি মুহম্মদ নূরুল হুদা বলেন, অসীম সাহা বাংলাদেশের কবিতার ইতিহাসে এক অনন্য নাম। বাংলা একাডেমি পরিবারের সঙ্গে কবি অসীম সাহা নিবিড় বন্ধনে আবদ্ধ ছিলেন। একাডেমি থেকে প্রকাশিত হয়েছে তাঁর ‘নির্বাচিত কবিতা’।

শ্রদ্ধা নিবেদন করেন কবি নির্মলেন্দু গুণ, অভিনয়শিল্পী পীযূষ বন্দ্যোপাধ্যায়, গবেষক মফিদুল হক, আবৃত্তিশিল্পী আশরাফুল আলম, ভাস্বর বন্দ্যোপাধ্যায়, নিরঞ্জন অধিকারী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, কথাসাহিত্যিক সুব্রত বড়ুয়া, কবি মোহন রায়হান, কবি বিমল গুহ, গোলাম কিবরিয়া পিনু, ফারুক মাহমুদ, আসাদ মান্নান, শিশু সাহিত্যিক আখতার হুসেন।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, অসীম সাহা তার লেখনির মাধ্যমে সময়কে ধারণ করে গেছেন। তিনি লেখালেখিতে বাংলা ভাষাকেও সমৃদ্ধ করেছেন। বাংলা ব্যাকরণে তার পাÐিত্যের কথাও আমরা জানি। তার প্রতি গভীর শ্রদ্ধা জানাই।

কবি অসীম সাহার শেষ যাত্রায় শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর সভাপতি হাসানুল হক ইনু, সাধারণ সম্পাদক শিরীন আখতার, নাদের চৌধুরী, আবদুল হিল কাইয়ুম, ন্যাশনাল আওয়ামী পার্টির ( ন্যাপ) সাধারণ সম্পাদক পরিতোষ দেবনাথ, সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ, শিল্পী অণিমা মুক্তি গোমেজ, বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুর, জাতীয় কবিতা পরিষদের সভাপতি ড. মুহম্মদ সামাদ, সাধারণ সম্পাদক তারিক সুজাত, আসলাম সানী, কবি হাসান হাফিজ, কবি শ্যামসুন্দর সিকদার, কথাসাহিত্যিক পারভেজ হোসেন, অধ্যাপক শিরীণ আখতার, কবি ফরিদ আহমেদ দুলাল, কবি সানাউল হক খান, নৃত্যশিল্পী ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষে দীপা খন্দকার ও নাইম হোসেন, পূজা উদযাপন পরিষদের পক্ষে কাজল দেবনাথ, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, প্রগতিশীল সাহিত্য সংঘ, বঙ্গীয়, বাংলাদেশ রাইটার্স ক্লাব, একুশে টেলিভিশন, বাংলাদেশ যুব ইউনিয়ন, বাংলাদেশ কালচারাল সোসাইটি, বাংলাদেশ শিল্পী কল্যান ট্রাস্ট, ভাষা সাহিত্য কল্যাণ পরিষদ।
কবি অসীম সাহার জীবনসঙ্গী কবি অঞ্জনা সাহা এবং তাদের দুই পুত্র ও নিকটাত্মীয়রা এসময় উপস্থিত ছিলেন।

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading