দিনাজপুরে শেষ সময়ে প্রতিটি লিচু বিক্রি হচ্ছে ১২-১৬ টাকায়

দিনাজপুরে শেষ সময়ে প্রতিটি লিচু বিক্রি হচ্ছে ১২-১৬ টাকায়

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২১ জুন, ২০২৪, আপডেট ১২:৫০

দিনাজপুর শহরের কালিতলা এলাকায় লিচুর বাজার। এখানে সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে চায়না থ্রি জাতের লিচু। মৌসুমের শেষ সময়ে এসে আকার ও মানভেদে প্রতি ১০০ চায়না থ্রি জাতের লিচু ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৬০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। সে হিসাবে প্রতিটি লিচু বিক্রি পড়ছে ১২ থেকে ১৬ টাকা।

শুক্রবার সকালে কালিতলা লিচুর বাজার বিক্রেতাদের হাঁকডাকে বেশ সরগরম দেখা গেল। এক লিচু বিক্রেতাকে হাঁক দিয়ে বলতে শোনা গেল, ‘এই যে ভাই, বড় দানার চায়না থ্রি, খাঁটি দেশি বেদানা।’ আরেকজন বলছেন, ‘দেখে যান টসটসে লাল বোম্বাই। রসগোল্লার চাইতেও মিষ্টি। মিষ্টি না হলে টাকা দিবেন না। আসেন, আসেন, শেষ হইলে পস্তাবেন।’

দিনাজপুরের রসগোল্লাখ্যাত টসটসে লাল লিচু কিনতে দোকান থেকে দোকানে ঘুরছেন ক্রেতারা। দর-কষাকষি করে লিচু কিনছেন তাঁরা। ভ্যানে করে চাষিরা লিচু আনছেন আড়তঘরে। সেখানে চলছে নিলাম ডাক। দুই হাতে লিচুর থোকা নিয়ে নিলাম ডাকছেন একজন।

বিরল উপজেলার লিচুচাষি শিশির শাহ বলেন, এক হাজার গাছের বোম্বাই ও বেদানা লিচুগাছের বাগান আছে তাঁর। বিক্রি করেছেন ৩০ লাখ টাকায়। ‍যিনি বাগান কিনেছেন, গত বছর তিনি লোকসান গুনেছেন। এবার লিচুর দাম ভালো। তাই গতবারের লোকসান এবার পুষিয়ে নিতে পারবেন।

লিচুর বাজার ঘুরে দেখা যায়, ১০০টি বেদানা জাতের লিচু (দেশি) বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৮০০ টাকায়। হাড়িয়া বেদানা ৫০০-৫৫০ টাকা, কাঁঠালি জাতের লিচু ৫৫০-৬০০ টাকা, বোম্বাই লিচু আকারভেদে ৪০০-৪৫০ টাকা, চায়না থ্রি জাতের লিচু ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৬০০ টাকা ও চায়না-২ জাতের লিচু ৭০০ থেকে ৮৫০ টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, এবার শুরু থেকেই লিচুর দাম চড়া। মৌসুমের শেষ সময়ে এসে প্রতি এক হাজার লিচুতে জাতভেদে দাম বেড়েছে ২০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত। বিশেষ করে চায়না থ্রি জাতের লিচুর দাম অনেক বেশি। এই লিচুর মাংস ও রস বেশি হওয়ায় এবং দেরিতে বাজারে আসায় চাহিদাও বেশি থাকে।

মৌসুমে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ব্যবসায়ীদের পাশাপাশি কুরিয়ার সার্ভিস ও বিভিন্ন গণপরিবহনে যায় দিনাজপুরের লিচু। ব্যবসায়ীরা বলছেন, মৌসুমে প্রতিদিন গড়ে অর্ধশতাধিক ট্রাকে লিচু পাঠানো হয়। প্রতিটি ট্রাকে অন্তত দুই থেকে আড়াই লাখ লিচু ধরে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা জাফর ইকবাল বলেন, লিচু দিনাজপুরের একটি ঐতিহ্যবাহী ফল। এবার বোম্বাই ও চায়না থ্রি জাতের লিচুর ভালো ফলন হয়েছে। মাঠ জরিপ অনুযায়ী ধারণা করছেন, এ মৌসুমে জেলায় প্রায় সাড়ে ৫০০ থেকে ৬০০ কোটি টাকার লিচু বিক্রি হয়েছে। এতে চাষিরা গতবারের লোকসান এবার পুষিয়ে নিতে পেরেছেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading