অভিযোগ-পাল্টা অভিযোগ, প্রতিশ্রুতিতে শেষ হলো বাইডেন-ট্রাম্প বিতর্ক
উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৮ জুন, ২০২৪, আপডেট ১০:৫০
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে শেষ হলো বাইডেন ও ট্রাম্পের প্রথম টেলিভিশন বিতর্ক। এতে অংশ নিয়ে বর্তমান ও সাবেক প্রেসিডেন্ট বিভিন্ন ইস্যুতে একে অপরকে দুষলেন।
তাদের আলোচনায় বিশেষ গুরুত্ব পেয়েছে অভিবাসন, চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ, ইউক্রেন যুদ্ধ ও দুই নেতার বয়স।
তাছাড়া বিতর্কের এক পর্যায়ে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা নিয়ে একে অপরকে দুষলেন ডেমোক্রেট ও রিপাবলিকান দলের এই দুই প্রার্থী।
বাইডেন বিশ্বকে নতুন যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমি যদি প্রেসিডেন্ট থাকতাম তাহলে রাশিয়া ইউক্রেনে হামলা করতো না।
এর জবাবে বাইডেন বলেন, মুদ্রাস্ফীতি না থাকার কারণ হলো অর্থনীতি গতিশীল ছিল না। আমি চাকরির সুযোগ তৈরি করে দিয়েছি।
বিতর্কের শেষ দিকে বাইডেন জানান, তিনি আমেরিকানদের জন্য কর কমাতে চান। সেই সঙ্গে মুদ্রাস্ফীতির লাগামও টানতে চান।এ সময় ইনসুলিনের দাম কমানো ও সুলভ মূল্যে চাইল্ডকেয়ার সংক্রান্ত সেবা দেওয়ার প্রতিশ্রুতি দেন মার্কিন প্রেসিডেন্ট।
বিতর্কের একেবারে শেষে ট্রাম্প মন্তব্য করেন, আমরা নরকে বাস করছি। এরপর ‘আমরা আমেরিকাকে আবারও মহান করে তুলব’ বলে নিজের বক্তব্য শেষ করেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প।
আগামী ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। বিশ্বজুড়ে নানা সংকটের মধ্যেই এবার নির্বাচন হতে যাচ্ছে দেশটিতে।
এরই মধ্যে মার্কিন রাজনীতি নিয়ে মানুষ বিভক্ত হয়ে পড়েছে। অনেক মার্কিন ভোটারেরই আশঙ্কা নির্বাচনের পরে সংঘাত ছড়িয়ে পড়াতে পারে।
এদিকে নোবেলজয়ী ১৬ অর্থনীতিবিদ এক বিবৃতিতে বলেছেন, ডোনাল্ড ট্রাম্প আবার প্রেসিডেন্ট হলে যুক্তরাষ্ট্র ও বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে।
ইউডি/কেএস

