কোটার ‘শিকল’ ভেঙে ফেলার প্রত্যয়
উত্তরদক্ষিণ। সোমবার, ০৮ জুলাই, ২০২৪, ২২:২০
কোটার সংস্কার না হলে রাস্তা ছাড়বেন না, এই প্রত্যয়ে দ্বিতীয় দিনের মতো ‘বাংলা ব্লকেড’ পালন করলেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। কোটা সংস্কার ও মেধাভিত্তিক নিয়োগের জন্য সরকারের জারিকৃত ২০১৮ সালের পরিপত্র বহাল রাখার দাবিতে রবি ও সোমবার দুই দিন চললো এই কর্মসূচি। কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা সময় কাটিয়েছেন গান-কবিতা, গল্প-আড্ডা আর গাড়ি আটকানোর মধ্য দিয়ে।
সোমবার (৮ জুলাই) দুপুর পৌনে ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ মিছিল নিয়ে গিয়ে শাহবাগ মোড় ব্লক করেন শিক্ষার্থীরা। সেখানে ঢোলের তালে তালে তারা পরিবেশন করেন গান-কবিতা, কেউ মেতে ওঠেন আড্ডায়। কেউ গাড়িগুলো আটকিছেন, আবার কেউ কেউ আন্দোলনের এক পয়েন্ট থেকে অন্য পয়েন্ট ঘুরে বেড়িয়েছেন।
আন্দোলনের দুই রুটের মাঝখানে ফাঁকা রাস্তায় ক্রিকেট, ফুটবল খেলতে দেখা যায় অনেককে। কেউ কেউ আবার ফাঁকা রাস্তায় বসে পড়ে লুডুও খেলেছেন। শাহবাগ থেকে টিএসসির দিকে ফাঁকা রাস্তায় লুডু লেখছিলেন সারওয়ার। তিনি বলেন, আন্দোলনকে উপভোগ করার চেষ্টা করছি। নিজেদের অধিকারের জন্য লড়াই হচ্ছে, সময়ও কাটছে।
ইউডি/কেএস

