রাজধানীতে জলাবদ্ধতা দীর্ঘদিনের সমস্যার ভয়ঙ্কর রূপ

রাজধানীতে জলাবদ্ধতা দীর্ঘদিনের সমস্যার ভয়ঙ্কর রূপ

উত্তরদক্ষিণ । শনিবার, ১৩ জুলাই, ২০২৪, আপডেট ১২:০৫

রাজধানীতে জলাবদ্ধতার সমস্যা দীর্ঘদিনের। এখনো অল্প বৃষ্টিতেই বিভিন্ন সড়কে পানি জমে যায় হাঁটু সমান। সামান্য বৃষ্টি হলে ঢাকার কম করে হলেও দেড়শ’ জায়গায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। তবে জলাবদ্ধতা এখন শুধু রাজধানীর সমস্যা না; বরং বন্দরনগরী চট্টগ্রাম থেকে শুরু করে প্রায় প্রতিটি বিভাগীয় শহর, জেলা শহর, এমনকি গ্রামাঞ্চলেও দেখা দিচ্ছে এ সমস্যা।

রাজধানীতে শুক্রবার (১২ জুলাই) সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত যে তুমুল বর্ষণ হয়েছে, তাতে ডুবে গেছে উঁচু-নিচু বিভিন্ন সড়ক এবং পাড়া মহল্লার অলি-গলি। তাতে গন্তব্যে পৌঁছাতে ঘরের বাইরে পা দেওয়া মানুষেরা নাকালতো হয়েছেনই, রাস্তা উপচে ময়লা পানি ঢুকেছে বাজারে, দোকানে এমনকি অনেক বাসাবাড়িতেও।

আবহাওয়া অধিদপ্তর বলছে, মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় আছে এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে। যার কারণে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা গণমাধ্যমকে বলেন, শুক্রবার সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত ঢাকায় ১৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সকাল থেকে শুরু হওয়া বৃষ্টির কারণে রাজধানীর কাকরাইল, মোহাম্মদপুর, শ্যাওড়াপাড়া, কাজীপাড়াসহ মিরপুরের বিভিন্ন এলাকা এবং মিরপুরে মাজার রোড, অ্যালিফেন্ট রোড, মৎসভবন, সেন্ট্রাল রোড, ধানমøির ২৭ নম্বর, কারওয়ান বাজার, ফার্মগেইট, তেজগাঁও, বিজয় সরনী, পশ্চিম তেজতুরী বাজার, তেজকুনি পাড়া, দক্ষিণ মনিপুরের মোল্লাপাড়া, মহাখালীর বিভিন্ন রাস্তায় পানি জমেছে। ওয়াসা থেকে সিটি করপোরেশন খালগুলো বুঝে পাওয়ার পর কিছু এলাকায় সমস্যার সমাধান হলেও এখনো জলাবদ্ধতা থেকে মুক্তি পায়নি মানুষ। দুই সিটি করপোরেশন বলছে, কিছু কিছু এলাকায় এখন বিভিন্ন উন্নয়ন কাজ চলমান। যার কারণে ড্রেনগুলো দিয়ে পানি সড়তে না পারায় পানি জমে থাকছে। অন্যদিকে, স্থায়ীভাবে কিছু এলাকায় জলাবদ্ধতা তৈরি হচ্ছে পরিকল্পিত সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে। তবে এসব এলাকায় কুইক রেসপন্স টিম কাজ করে।

জলাবদ্ধতার কারণে নগরীতে ভোগান্তি ও হয়রানি যেন এক স্থায়ী রূপ নিয়েছে। প্রতি বছর এ কারণে দুর্ভোগ পোহাতে হলেও এর বাস্তব কোনো স্থায়ী সমাধান হচ্ছে না। দিনে দিনে ভয়াবহ রূপ ধারণ করছে জলাবদ্ধতার চিত্র। সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় শহরের দুই-তৃতীয়াংশ স্থান এবং দীর্ঘ সময় পর্যন্ত জলমগ্ন থাকে বিভিন্ন সড়ক ও জনপদ। নগর পরিকল্পনাবিদরা মনে করেন, জলাবদ্ধতা রোধে কার্যকর ব্যবস্থা দ্রুত গ্রহণ না করলে অল্প বৃষ্টিতেই আরো অনেক সমস্যার সৃষ্টি হবে। এ জলাবদ্ধতায় সৃষ্টি হবে নগর বন্যা। এজন্য প্রয়োজন যথাশিগগির স্থায়ী প্রতিকার এবং সুপরিকল্পিত উন্নয়ন প্রকল্প। আমাদের সবার দায়িত্ব নিষ্ঠাই এ জলাবদ্ধতা ও সড়কডুবি সমস্যার দ্রুত সমাধান করতে পারবে। প্রয়োজনে পানি নিষ্কাশনের জন্য ওয়াসা, সিটি করপোরেশন এবং পানি উন্নয়ন বোর্ডকে একত্রে কাজ করতে হবে। বিশেষজ্ঞ মহল মনে করেন, পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত করার জন্য প্রাকৃতিক আঁধারগুলোকে অবশ্যই ব্যবহার করতে হবে। এজন্য নদী-খাল দখলমুক্ত করে পানি নিষ্কাশনের সহজ ব্যবস্থা করতে হবে। তাছাড়া জলাবদ্ধতা নিরসনে জনসচেতনতা বৃদ্ধি করারও প্রয়োজন রয়েছে।

ইউডি/মো. শহীদ রানা/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading