চার খাতে অস্বস্তি নিয়ে চলছে দেশের অর্থনীতি
উত্তরদক্ষিণ । শনিবার, ১৩ জুলাই, ২০২৪, আপডেট ২০:১৫
ব্যাংক, ট্রেজারি বন্ড, শেয়ারবাজার আর ইনস্যুরেন্স- অর্থনীতির চার খাতে বড় অস্বস্তি রয়েছে। ব্যাংকিং খাতের অনিয়ম-দুর্নীতি রোধে সরকার কে শ্বেতপত্র প্রকাশ করতে হবে। শনিবার (১৩ জুলাই) সকালে রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরাম- ইআরএফের একক বক্তৃতার অনুষ্ঠানে এসব কথা বলেন বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট- পিআরআইয়ের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ রেফায়েত উল্লাহ মীরধা, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবুল কাশেম।
আহসান এইচ মনসুর বলেন, গত কয়েকবছর ধরেই অস্বস্তিতে আছে দেশের ব্যাংকিং খাত। যেখানে টাকার সঞ্চয় হচ্ছে না। বড় একটা অংশ দেশের বাইরে চলে যাচ্ছে, পাচার হয়ে যাচ্ছে। এর ফলে অর্থনীতির স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে। এতে অর্থনীতিতে ক্রমাগত চাপ বাড়ছে। এই চাপ আর ভার বহনের সক্ষমতা ব্যাংকিং খাতের নেই। এর ফলে বিনিয়োগ সংকটে ভুগছেন ব্যবসায়ীরা। আসছে না নতুন বিনিয়োগ, হচ্ছে না নতুন কর্মসংস্থান। আর ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ।
তিনি আরও বলেন, ব্যাংকিং খাতে খুব মন্দা চলছে। সংকট নিরসনে আশার কোনো আলো নেই। আগে বলা হলো, নির্বাচনের পর নতুন পদক্ষেপ নেয়া হচ্ছে। নির্বাচন শেষে তেমন কোনো পদক্ষেপ দেখা যায় নি। আবার নতুন বাজেটেও তেমন উদ্যোগ নাই। মনে হচ্ছে, সরকার সমস্যাগুলো জিইয়ে রাখছে। যদিও কিছু পদক্ষেপ নেয়া হয়েছে, তবে সেগুলো আবার সংস্কারের জন্য যথাযথ নয়। যেমন, ব্যাংক একীভূতকরণের উদ্যোগ আর্থিক খাতের সংস্কারের সঠিক পদ্ধতি মেনে হয়নি।
দেশের কর রাজস্ব পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলেন এই অর্থনীতিবিদ। বলেন, পদ্ধতিগত জটিলতার কারণে দেশের কর রাজস্ব আয় বাড়ানো যাচ্ছে না। এই খাতে যথেষ্ট হয়রানি রয়েছে। অথচ রাজস্ব আয় বাড়ানোর অনেক সুযোগ আছে। সেবার মান বৃদ্ধির মাধ্যমে কর আদায় বাড়াতে হবে। পাবলিক সার্ভিস বাড়াতে পারলে, সেবার গুণগত মানে মানুষ সন্তুষ্ট হলে তখন আর কর প্রদানে মানুষের আপত্তি থাকবে না।
ইউডি/এআর

