ট্রাম্পের বিরুদ্ধে দায়ের করা গোপন নথির মামলা খারিজ

ট্রাম্পের বিরুদ্ধে দায়ের করা গোপন নথির মামলা খারিজ

উত্তরদক্ষিণ । সোমবার, ১৫ জুলাই, ২০২৪, আপডেট ২৩:২০

আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আমেরিকার পারমাণবিক কর্মসূচির গোপন নথিসহ শতাধিক গোপন নথি ব্যক্তিগত জিম্মায় রাখা ও সেগুলো অব্যবস্থাপনার অভিযোগে দায়ের করা মামলা খারিজ করে দিয়েছেন দেশটির একটি আদালত।

সোমবার দেশটির ফ্লোরিডা অঙ্গরাজ্যের ডিস্ট্রিক্ট আদালতের বিচারক অ্যালিন ক্যানন মামলাটি খারিজ করে দিয়েছেন।

রায়ে তিনি বলেছেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গোপন নথি সরানোর মামলা দায়েরকারী বিশেষ কাউন্সেল জ্যাক স্মিথের নিয়োগ সংবিধানসম্মত ছিল না। মামলাটি খারিজ করে দিয়ে বিচারক অ্যালিন ক্যানন বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেন বিশেষ কাউন্সেল পদের জন্য স্মিথকে নিয়োগের নাম ঘোষণা করেননি। এমনকি আমেরিকার কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটও তার নিয়োগ নিশ্চিত করেনি। ফলে তার নিয়োগ অবৈধ এবং তা সংবিধানের নিয়োগ সংক্রান্ত বিধিরও লঙ্ঘন।

সোমবার দেশটির উইসকনসিন রাজ্যে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলন শুরু হয়েছে। সম্মেলন থেকে আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন পাবেন ডোনাল্ড ট্রাম্প।

একদিন আগে শনিবার পেনসিলভানিয়ায় দলের আয়োজিত এক নির্বাচনী সমাবেশে বন্দুক হামলার শিকার হন ডোনাল্ড ট্রাম্প। এই হামলা ঘিরে আমেরিকার রাজনীতি যখন উত্তাল হয়ে উঠেছে, ঠিক সেই সময় সম্মেলনের প্রথম দিনেই ট্রাম্পের বিরুদ্ধে দায়ের করা বহুল আলোচিত মামলাটি খারিজের রায় এসেছে।

সাবেক প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়মুক্তি পাওয়ার অধিকার রাখেন, এমন যুক্তিতে ফেডারেল আদালতে গোপন নথি মামলা খারিজের আবেদন করেছিলেন তার আইনজীবীরা।

এর আগে, গত ১ জুলাই দেশের প্রেসিডেন্টের পদে থাকা অবস্থায় যেসব দাপ্তরিক অপরাধমূলক পদক্ষেপ নিয়েছেন, সেসবের ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প আংশিক দায়মুক্তি ভোগ করবেন বলে রায় দেন দেশটির সুপ্রিম কোর্ট।

গোপন নথির মামলায় তদন্তকারীদের মিথ্যা তথ্য দেওয়া ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নথি নিজের ফ্লোরিডা এস্টেটের বলরুমে এবং বাথরুমে রাখার অভিযোগ আনা হয়েছিল। তবে ট্রাম্পের দাবি, তিনি কোনও অন্যায় করেননি।

  • কী ছিল গোপন নথিতে
  • আমেরিকার পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত তথ্য
  • আমেরিকার এবং আরও অনেক দেশের প্রতিরক্ষা ও অস্ত্র সক্ষমতার তথ্য
  • সামরিক আক্রমণে আমেরিকার এবং তার মিত্রদের সম্ভাব্য দুর্বলতা
  • বিদেশি আক্রমণের প্রতিক্রিয়ায় সম্ভাব্য প্রতিশোধের পরিকল্পনা

অতীতে এই মামলার শুনানিতে রাষ্ট্রপক্ষের প্রসিকিউটররা বলেছিলেন, ট্রাম্প যখন প্রেসিডেন্টের অফিস ছাড়েন তখন তিনি প্রায় ৩০০ গোপন নথি মার-এ-লাগোতে নিজের অবকাশযাপন কেন্দ্রে নিয়ে গিয়েছিলেন। মার-এ-লাগোর এই অবকাশযাপন কেন্দ্রে হাজার হাজার সদস্য ও অতিথিদের জন্য অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং সেখানে একটি বলরুমেও গোপন নথি পাওয়া যায়।

আগামী নির্বাচনের আগে ট্রাম্পের জন্য এই মামলা হুমকি হয়ে উঠতে পারে বলে ধারণা করা হলেও বিচারক অ্যালিন ক্যাননের রায়ে সেই শঙ্কা এখন কেটে গেল।

সূত্র: বিবিসি, রয়টার্স।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading