যাত্রাবাড়ীতে গুলিতে তরুণ নিহত
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪, আপডেট ০২: ২২
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় গুলিবিদ্ধ হয়ে এক তরুণ নিহত হয়েছে। বুধবার (১৭ জুলাই) রাতে এ ঘটনা ঘটে। তার নাম সিয়াম (১৮) হোসেন বলে জানা গেছে।
সিয়ামের খালাতো ভাই রাসেল গণমাধ্যমকে জানান, সিয়াম গুলিস্তানের একটি ব্যাটারির দোকানের কর্মচারী। রাতে বাসায় ফেরার পথে হানিফ ফ্লাওয়ারে সংঘর্ষ চলাকালে সে গুলিবিদ্ধ হয়। তবে কারা গুলি চালিয়েছে, সে ব্যাপারে কিছু জানা যায়নি। সিয়ামের গ্রামের বাড়ি ভোলার চরফ্যাশনে। সে মাতুয়াইলে থাকতো।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভারে গুলিতে এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগের সামনে নিয়ে আসেন স্বজনরা। পরে তারা বুঝতে পারেন যে, সিয়াম মারা গেছে। এ জন্য তারা আর হাসপাতালের ভেতরে না ঢুকে মরদেহ নিয়ে চলে যান।
বুধবার বিকাল থেকে যাত্রাবাড়ী ও শনির আখড়া এলাকায় দফায় দফায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়েছে। রাতে হানিফ ফ্লাইওভারের টোল প্লাজা, পুলিশ বক্স সহ কিছু স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। পুলিশের পক্ষ থেকে ছয়জন গুলিবিদ্ধ হওয়ার কথা জানানো হয়েছি। তবে নিহত সিয়াম ওই ছয়জনের মধ্যে একজন কি না, তা জানা যায়নি।
ইউডি/এসআই

