হাইকোর্টের সামনে শিক্ষার্থীদের আন্দোলন
উত্তরদক্ষিণ। বুধবার, ৩১ জুলাই, ২০২৪, আপডেট ১৬:১০
হাইকোর্টের সামনে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থী, আইনজীবী ও মানবাধিকার কর্মীরা। হাইকোর্টের সামনে শিক্ষা অধিকার চত্বরে শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’ বলে স্লোগান দিতে থাকেন। কর্মসূচি চলার সময় পুলিশের সঙ্গে অবস্থানকারীদের কয়েক দফা ধস্তাধস্তিও হয়। পুলিশ পাঁচ শিক্ষার্থীকে আটক করলেও উপস্থিত জনতার বাধার মুখে তাদের ছেড়ে দিতে বাধ্য হয়।
বুধবার (৩১ জুলাই) দুপুর ১২টা থেকে শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন হাইকোর্টের সামনে। পরে সেখানে অবস্থান নেন শিক্ষার্থীরা।
এসময় নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষার্থীর বলেন, দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা যখন হাইকোর্টের সামনে আসেন তখন তিন শিক্ষার্থীকে পুলিশ আটক করে প্রিজন ভ্যানে তোলে। পরে আরও দুজনকে আটক করে পুলিশের গাড়িতে নিয়ে যাওয়ার সময় শিক্ষার্থী, আইনজীবী এবং মানবাধিকার কর্মীরা মিলে পুলিশের গাড়ি আটকে দেয় এবং আটকের প্রতিবাদ জানায়। প্রায় একঘণ্টা পর একপর্যায়ে তাদের বাধার মুখে পুলিশ সেই দুজনকে জনকে ছেড়ে দেয়। এরপর আগে আটক হওয়া তিন জনকেও পুলিশ ছেড়ে দিয়েছে বলে জানতে পেরেছি। তবে তা আমরা এখনও নিশ্চিত না। এরপর থেকে বেশ কয়েক দফা আইনজীবী, শিক্ষার্থী ও পুলিশের মাঝে ধস্তাধস্তির ঘটনা ঘটে।
শিক্ষার্থীরা সমবেত হওয়ার আগে পাঁচ গাড়ি বিজিবি হাইকোর্টের গেটের সামনে অবস্থান নেয়। নিরাপত্তার জন্য বন্ধ করে দেওয়া হয় হাইকোর্টের গেটও। এসময় হাইকোর্টের আশপাশে অতিরিক্ত পুলিশের অবস্থান দেখা যায়।
পরবর্তীতে বিকাল ৩টার দিকে বেশিরভাগ শিক্ষার্থী হাইকোর্টের সামনে শিক্ষা অধিকার চত্বর ছেড়ে দেন। তবে কয়েকজন শিক্ষার্থীকে এই রিপোর্ট লেখা পর্যন্ত দেখা যায়।

