রাজশাহীতে থানা-ভূমি অফিসে আগুন

রাজশাহীতে থানা-ভূমি অফিসে আগুন

উত্তরদক্ষিণ । রবিবার, ০৪ আগস্ট, ২০২৪, আপডেট ১৬:২০

রাজশাহীর মোহনপুর থানা, ভূমি অফিস ও আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এ ঘটনায় প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, তবে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থাকা তিনটি মোটরসাইকেল পুড়ে গেছে।

রবিবার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে মোহনপুর উপজেলা সদরে এই ঘটনা ঘটে। এ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ওই উপজেলায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯টা থেকে শিক্ষার্থীরা রাজশাহী-নওগাঁ মহাসড়কের মোহনপুর উপজেলা সদরে অবস্থান নেন। এ সময় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে বিকল্প পথ হিসেবে যানবাহনগুলো তানোর ও দুর্গাপুরের কানপাড়া হাট হয়ে চলাচল করেছে। আন্দোলনরত শিক্ষার্থীরা এক পর্যায়ে মোহনপুর উপজেলা চত্বরের আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে ভাংচুর চালায়।

এ সময় কার্যালয়ের সামনে থাকা তিনটি মোরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেন তারা। পরে শিক্ষার্থীরা সড়কের উপরে আগুন জ্বালিয়ে অবরোধ করে। সেখান থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা মোহনপুর থানায় হামলা চালায়। এ সময় তারা থানায় আগুন দেওয়া ছাড়াও থানা পুলিশে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) হরিদাম মন্ডলের গাড়িতে ভাংচুর চালায়।

এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরিদাম মন্ডল বলেন, আমি মানসিকভাবে একটু বিপর্যস্ত আছি। ভাই, একটু পরে কথা বলবো।

বিষয়টি নিয়ে রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলামের মুঠোফোনে কল করা হলে তারা রিসিভ করেননি। তাই এবিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তবে মোহনপুর ফায়ার সার্ভিসের ডিউটিম্যান সজিবুল ইসলাম বলেন, তারা দুপুর সাড়ে ১২টার দিকে খবর পান মোহনপুর থানা ও ভূমি অফিসে আগুন দেওয়ার বিষয়ে। কিন্তু ফায়ার সার্ভিসে পুলিশ না আশায় নিরাপত্তার কারণে তারাও বের হতে পারেনি। তবে তাদের ফায়ার সার্ভিসের আশেপাশে আন্দোলনরত শিক্ষার্থীরা আছেন বলে ধারণা করেন তিনি।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading