এক দফা দাবিতে জাবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
উত্তরদক্ষিণ। রবিবার, ০৪ আগস্ট, ২০২৪, আপডেট ১২:৪২
সরকারের পদত্যাগের একদফা দাবিতে অসহযোগ আন্দোলন কর্মসূচির অংশ হিসাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন।
রবিবার (৪ আগস্ট) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকায় জড়ো হতে থাকেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দিয়েছে বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকার স্কুল, কলেজ ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় সাধারণ জনগণ। এরপর বেলা ১১টায় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে তারা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। এ সময় আন্দোলনকারীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
সাভার থেকে আসা আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, আমরা কোটার ন্যায্য দাবি নিয়ে এসেছিলাম। আমাদের ভাইদের হত্যা করা হলো। আমাদের ভাইদের জীবনের কাছে এই কোটা কোনও বিষয় না। তারা কী পারবে, আমাদের ভাইদের জীবন ফিরিয়ে দিতে? তাদের সঙ্গে আপোষ করলে আমাদের শহীদ ভাইদের রক্তের সঙ্গে গাদ্দারি করা হবে। আমাদের দাবি পরিষ্কার। আমরা এই সরকারের পতন চাই।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার অন্যতম সমন্বয়ক লাবিব আহসান বলেন, আমরা এই স্বৈরাচারের পতন চাই। আমাদের অসহযোগ আন্দোলনে ছাত্র জনতা এক হয়েছে। তার প্রমাণ আপনারা গতকাল শহীদ মিনারে দেখেছেন। আমরা এই স্বৈরাচারের পতন নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।
শনিবার (৩ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরকার পতনের এক দফা দাবি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।

