আড়াই ঘণ্টা পর ফিরল ইন্টারনেট

আড়াই ঘণ্টা পর ফিরল ইন্টারনেট

উত্তরদক্ষিণ । সোমবার, ০৫ আগস্ট, ২০২৪, আপডেট ১৩:৫৫

আন্দোলনকারীদের লং মার্চ এবং কারফিউয়ে উৎকণ্ঠার মধ্যে আড়াই ঘণ্টা বন্ধ রাখার পর ইন্টারনেট সেবা ফিরেছে। ব্রডব্যান্ডের সঙ্গে ফিরেছে মোবাইল ইন্টারনেটও। তবে ফেসবুক এখনও বন্ধ রয়েছে। সোমবার (০৫ আগস্ট) সকাল ১১টার দিকে সারাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়। আগের দিন রবিবার দুপুরেই বন্ধ করা হয় মোবাইল ইন্টারনেট। তাতে করে আবারও ইন্টারনেট ব্ল্যাকআউটের কবলে পড়ে বাংলাদেশ।

রবিবার মোবাইল ইন্টারনেট বন্ধ করার পাশাপাশি ফেসবুক ও হোয়াটসঅ্যাপও বন্ধ করে দেওয়া হয়। সে কারণে ব্রডব্যান্ড ইন্টারনেটেও সামাজিক যোগাযোগের এ দুটো মাধ্যমে ঢুকতে পারছিলেন না ব্যবহারকারীরা।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে দেশজুড়ে সংঘাত-সহিংসতা ছড়িয়ে পড়লে গত ১৭ জুলাই প্রথমবার মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছিল, তা চালু হয় ২৮ জুলাই। এর মধ্যে ১৮ থেকে ২৩ জুলাই ব্রডবান্ড ইন্টারনেটও বন্ধ রাখা হয়। অর্থাৎ, ওই সময়টায় ইন্টারনেটে পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন থাকে।

পরে ইন্টারনেট খুলে দেওয়া হলেও ফেইসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম চালু হয় ৩১ জুলাই দুপুরে। এরপর গত ২ অগাস্ট প্রায় সাত ঘণ্টা মোবাইল ইন্টারনেটে ফেসবুক ও টেলিগ্রাম সেবা বন্ধ রাখা হয়েছিল।

ইউডি/এজেএস

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading