হত্যাকাণ্ডের তদন্ত চেয়ে জাতিসংঘকে চিঠি দেবে বিএনপি
উত্তরদক্ষিণ। শনিবার, ১০ আগস্ট, ২০২৪, আপডেট ০০:০৫
ছাত্র-জনতার আন্দোলনের সময়ে সংঘটিত হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত চেয়ে জাতিসংঘ এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে চিঠি দেবে বিএনপি।
শনিবার (১০ আগস্ট) রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে দলের এ সিদ্ধান্তের কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, এই আন্দোলনে বিজয়ের পূর্বে সরকার তার সরকারি বাহিনী দিয়ে যে নৃশংসভাবে গণহত্যা করা হয়েছে সেই গণহত্যার ব্যাপারে আমরা প্রথম থেকে কথা বলে এসেছি এবং জাতিসংঘের উদ্বেগ ছিল সবচেয়ে বেশি। আমরা সিদ্ধান্ত নিয়েছি, জাতিসংঘের কাছে এ বিষয়ে একটা নিরপেক্ষ তদন্ত চেয়ে আমরা চিঠি পাঠাব।
তিনি বলেন, আমরা এটাও সিদ্ধান্ত নিয়েছি, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে চিঠি দেব।
মির্জা ফখরুল আরও বলেন, একই সঙ্গে ইউএই (সংযুক্ত আবর আমিরাত) যেখানে আমাদের প্রায় ৫০ জন শ্রমিককে বন্দি করা হয়েছে এ আন্দোলন সমর্থন জানানোর জন্য। আমরা তাদের মুক্তির জন্যও এ সরকারকে উদ্যোগ নেওয়ার জন্য চিঠি দেব।
এসব চিঠি দুএকদিনের মধ্যে দেওয়া হবে বলে জানান বিএনপি মহাসচিব।
ইউডি/এবি

