শিবির নাছির ২৬ বছর পর কারামুক্ত
উত্তরদক্ষিণ। সোমবার, ১২ আগস্ট, ২০২৪, আপডেট ০০:৪০
হত্যাসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ গ্রেপ্তার নাছির উদ্দিন চৌধুরী ওরফে শিবির নাছির কারামুক্ত হয়েছেন। ২৬ বছরের বেশি সময় পর রবিবার (১১ আগস্ট) সন্ধ্যায় কারাগার থেকে ছাড়া পেয়েছেন তিনি।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন বলেন, নাছিরের বিরুদ্ধে সর্বশেষ দুটি মামলা ছিল। মামলা দুটির জামিনের কাগজপত্র কারাগারে আসার পর যাচাই বাছাই করে সন্ধ্যা ৭টার দিকে কারাগার থেকে জামিনে মুক্তি দেওয়া হয় তাকে।
নাছিরের আইনজীবী মঞ্জুর মোরশেদ আনসারী বলেন, ১৯৯৮ সালের ৬ এপ্রিল নাছিরকে গ্রেপ্তার করেছিল পুলিশ। ২৬ বছর ৪ মাস ৫ দিন কারাগারে থেকে তিনি রোববার সন্ধ্যায় জামিনে বের হয়েছেন।
তিনি বলেন, নাছিরের বিরুদ্ধে ৩৬টি মামলা ছিল। এগুলোর মধ্যে ৩১টি মামলায় বেকুসুর খালাস পান তিনি। দুটি মামলায় তার সাজা হলেও কারাগারে থাকায় নতুন করে সেগুলোতে সাজা খাটতে হয়নি।
“সর্বশেষ তিনটি হত্যা মামলার মধ্যে একটি মামলায় গত বৃহস্পতিবার দ্রুত বিচার ট্রাইবুন্যাল থেকে জামিন দেওয়া হয়েছে দীর্ঘদিন কারাগারে থাকার কারণে। আর বাকি দুটি মামলায় পি/ডব্লিউ প্রত্যাহার হয়েছে, যার কারণে তিনি কারাগার থেকে রোববার ছাড়া পান।”
নব্বইয়ের দশকে চট্টগ্রাম নগরী ও জেলায় ত্রাস সৃষ্টি করে দীর্ঘদিন আলোচনায় ছিলেন নাছির। ইসলামী ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত থাকায় তিনি শিবির নাছির হিসেবেই পরিচিত ছিলেন চট্টগ্রামে।
১৯৯৭ সালে নগরীর চকবাজার এলাকায় তাকে ধরতে পুলিশের অভিযানের সময় ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছিল। ওই সময় যা চট্টগ্রামে খুব আলোচনার জন্ম দেয়। পরে ১৯৯৮ সালের এপ্রিলে চট্টগ্রাম কলেজের একটি ছাত্রাবাস থেকে নাছিরকে গ্রেপ্তার করে পুলিশ।
প্রচার আছে, বেশির ভাগ মামলায় জামিন হয়ে যাওয়ায় গত কয়েকবছরে তার কারাগার থেকে ছাড়া পাওয়ার সুযোগ হয়েছিল। তবে র্যাব ও পুলিশের ‘ক্রস ফায়ারের’ ভয়ে নাছির তার বিরুদ্ধে থাকা বাকি মামলাগুলোতে জামিনের আবেদন করতেন না। ২০২২ সালে ‘ক্রস ফায়ার’ বন্ধ হলে তিনি মামলাগুলোতে জামিনের আবেদন করেন। তবে আদালত সেগুলো নামঞ্জুর করেছিল।
ইউডি/এসআই

