এক সপ্তাহ পর দেখা মিলল ট্রাফিক পুলিশের
উত্তরদক্ষিণ। সোমবার, ১২ আগস্ট, ২০২৪, আপডেট ১১:৩০
আন্দোলন-সহিংসতার জেরে এক সপ্তাহের অচলাবস্থার পর রাজধানীর সড়কে কাজে ফিরেছেন ট্রাফিক পুলিশ সদস্যরা।
সোমবার (১২ আগস্ট) সকালে রাজধানীর বাংলা মোটর, কারওয়ান বাজার, বিজয় সরণি, জাহাঙ্গীর গেইট এবং মহাখালীতে ট্রাফিক পুলিশকে দায়িত্ব পালন করতে দেখা গেছে।
কোনো কোনো জায়গায় পুলিশের সঙ্গে শিক্ষার্থীরা এখনও আছেন। তবে গত কয়েকদিনের তুলনায় তাদের সংখ্যা কম।
তেজগাঁও জোনের সহকারী কমিশনার স্নেহাশীষ দাশ বলেন, রমনা-তেজগাঁও এলাকা গুরুত্বপূর্ণ হওয়ার কারণে এখানে প্রায় সর্বত্র ট্রাফিক পুলিশ কাজে নেমে গেছে। বিশেষ করে তেজগাঁও এলাকার কথা বলতে পারি যে, এখানে ৮০ শতাংশ ফোর্স নেমেছে। আমাদের উপস্থিতির পর শিক্ষার্থীরা বাসায় ফিরে যাচ্ছে।
গত ৫ অগাস্ট আওয়ামীগের সরকারপতনের পর বিভিন্ন থানা, পুলিশ ফাঁড়ি, ট্রাফিক পুলিশ বক্সে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়। তাতে অনেক পুলিশ সদস্য হতাহত হন, আতঙ্কে বেশিরভাগ থানা পুলিশশূন্য হয়ে পড়ে। রাস্তা-ঘাটে থেকেও উধাও হয়ে যান ট্রাফিক পুলিশ সদস্যরা।
এ অবস্থায় রাজধানীসহ সারা দেশের সড়কে ট্রাফিক ব্যবস্থাপনা ভেঙে পড়ে। তখন সেই দায়িত্ব সামলাতে মাঠে দেখা যায় বিশ্ববিদ্যালয়, কলেজ এবং স্কুলের উঁচু ক্লাসের শিক্ষার্থীদের। সূত্র: বিডিনিউজ২৪
ইউডি/এবি

