শেখ হাসিনা- কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে হত্যা মামলার আবেদন
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪, আপডেট ১৩:২০
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে বিরুদ্ধে মুদি দোকানদার আবু সাঈদকে হত্যার অভিযোগে মামলার আবেদন করা হয়েছে।
মঙ্গলবার (১৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে এস এম আমীর হামজা নামে এক ব্যক্তি এই মামলার আবেদন করেন। এ বিষয়ে এখনো শুনানি হয়নি।
আবেদনে মামলার অপর আসামিরা হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, অতিরিক্ত আইজিপি হারুন-অর-রশীদ ও অতিরিক্ত যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার।
গত ১৯ জুলাই বিকেল ৪টায় মোহাম্মদপুর থানাধীন বছিলায় ৪০ ফিট চৌরাস্তায় আবু সাঈদ কোটা আন্দোলনের সমর্থনে চলমান মিছিলে পুলিশের গুলিতে নিহত হন।
ইউডি/এআর

