স্পিকার ও ডেপুটি স্পিকারের অপসারণে আলটিমেটাম
উত্তরদক্ষিণ। বুধবার, ১৪ আগস্ট, ২০২৪, আপডেট ২১:৪০
জাতীয় সংসদ সচিবালয়ের নির্যাতিত কর্মকর্তা-কর্মচারীরা জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকুকে অপসারণের আলটিমেটাম দিয়েছেন।
বুধবার (১৪ আগস্ট) জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউয়ে আয়োজিত মানববন্ধনে এই আলটিমেটাম দেওয়া হয়। মানববন্ধনে ১১ দফা দাবি তুলে ধরে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারী কর্মকর্তা-কর্মচারীরা অভিযোগ করেছেন, তাদের নিয়মবহির্ভূত ও অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে এবং তারা চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছেন।
মানববন্ধনে অংশ নেয়া কাজী তৌহিদুজ্জামান রাজু বলেন, আমরা অনির্বাচিত সংসদের অবৈধ স্পিকার ও ডেপুটি স্পিকারের অপসারণের দাবিতে এখানে দাঁড়িয়েছি। তারা দুর্নীতিবাজ এবং সংসদ এখন দেউলিয়ায় পরিণত হয়েছে।
ইউডি/এবি

