সরকারি প্রতিষ্ঠানে প্রতিবন্ধীদের চলাচলে র‍্যাম্প স্থাপনে হাইকোর্টের রুল

সরকারি প্রতিষ্ঠানে প্রতিবন্ধীদের চলাচলে র‍্যাম্প স্থাপনে হাইকোর্টের রুল

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০৫ মে, ২০২৬, আপডেট ১৮:৫৬

ভবন নির্মাণ বিধিমালা, ২০০৮-এর বিধি ৬৪ ও তৎসংলগ্ন পরিশিষ্ট-২ অনুসারে প্রতিবন্ধী ব্যক্তিদের সাংবিধানিক অধিকার ও মানবাধিকার রক্ষার জন্য সকল সরকারি প্রতিষ্ঠানে চলাচলের সুবিধার্থে র‍্যাম্প স্থাপন করার নির্দেশনা কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

আজ (মঙ্গলবার) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ফাহমিদা আখতার।

তিনি বলেন, রুলে ভবন নির্মাণ বিধিমালা, ২০০৮-এর বিধি ৬৪ ও তৎসংলগ্ন পরিশিষ্ট-২ এবং প্রতিবন্ধী ব্যক্তি অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩-এর ধারা ৩৪ মেনে চলতে বিবাদীদের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। একই সঙ্গে পরিকল্পনা অনুমোদনের পূর্বে, প্রতিবন্ধী ব্যক্তি অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩-এর ধারা ৩৪-এর অর্থানুযায়ী সকল সরকারি প্রতিষ্ঠানের ভবন পরিকল্পনায় প্রবেশগম্যতা র‍্যাম্প অন্তর্ভুক্ত করা নিশ্চিত করার জন্য রাজউককে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কেন নির্দেশনা দেওয়া হবে না, এ বিষয়েও জানতে চাওয়া হয়েছে।

এর আগে গত ২০ এপ্রিল সকল সরকারি ও বেসরকারি স্থাপনায় প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলের সুবিধার্থে র‍্যাম্প স্থাপন বাধ্যতামূলক করতে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়।

সুপ্রিম কোর্টের আইনজীবী জনস্বার্থে এ রিট দায়ের করেন। আইন সচিব,স্বরাষ্ট্র সচিব, গৃহায়ণ ও গণপূর্ত সচিব, স্থানীয় সরকার সচিবসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading