শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে গণহত্যার অভিযোগ তদন্তে আবেদন

শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে গণহত্যার অভিযোগ তদন্তে আবেদন

উত্তরদক্ষিণ। বুধবার, ১৪ আগস্ট, ২০২৪, আপডেট ২৩: ৪০

কোটা সংস্কার আন্দোলন চলাকালে সংঘটিত ‘হত্যা, গণহত্যা, নির্যাতনের’ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করেছেন এক আইনজীবী।

বুধবার (১৪ আগস্ট) করা এ আবেদনে আওয়ামী লীগ সভাপতির সঙ্গে দল হিসেবে আওয়ামী লীগ এবং দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ আরও ৯ জনের বিরুদ্ধে তদন্তের আবেদন জানানো হয়েছে।

সরকারি চাকরিতে কোটা আন্দোলনের সময় নিহত বাগেরহাটের আরিফ আহমেদ সিয়ামের বাবা মো. বুলবুল কবিরের পক্ষে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট গাজী মনোয়ার হোসেন তামিম বুধবার এ আবেদন জমা দেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার উপপরিচালক (প্রশাসন) মো. আতাউর রহমান এমন আবেদন জমা হওয়ার তথ্য দিয়ে এটি তদন্তের প্রক্রিয়া শুরুর কথা বলেছেন।

তিনি বলেন, আমরা অভিযোগটি গ্রহণ করেছি। এরপর পেপার ওয়ার্ক হবে, আমরা ঘটনাস্থলে যাব, সারাদেশে যেখানে যেখানে ঘটনা হয়েছে সব জায়গায় গিয়ে তদন্ত করা হবে। তারপর প্রতিবেদন জমা দেব।

আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলের এ সংক্রান্ত বক্তব্য আসার কয়েক ঘণ্টার মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করার খবর এল।

এদিন সকালে সচিবালয়ে আইন উপদেষ্টা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ‘গণহত্যার’ ঘটনায় ক্ষমতাচ্যুত সরকারের প্রধানমন্ত্রীসহ যাদের জড়িত থাকার অভিযোগ উঠছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিচার করতে অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোগ।

একাত্তরের যুদ্ধাপরাধের বিচার করতে দ্বিতীয় দফায় শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর ২০১০ সালের ২৫ মার্চ গঠিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

ছাত্র-জনতার প্রবল গণ আন্দোলনের মুখে গত ৫ অগাস্ট শেখ হাসিনার পতনের ৯ দিন পর বুধবার সেই ট্রাইব্যুনালেই তার বিরুদ্ধে বিচারের আবেদন করা হল।

এদিন ভারতে অবস্থানকারী শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা হয়েছে। কোটা সংস্কার আন্দোলনের মধ্যে মিরপুরে গুলিতে কলেজছাত্র নিহতের ঘটনায় সাবেক এই প্রধানমন্ত্রীসহ ২৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।

এর আগে হাসিনার বিরুদ্ধে আরও দুটি মামলা হয়েছে, যার মধ্যে একটি হত্যা ও আরেকটি অপহরণ ও নির্যাতনের মামলা। সূত্র; বিডিনিউজ টোয়েন্টিফোর

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading