বৈরী আবহাওয়ায় লক্ষ্মীপুর-ভোলা নৌরুটে ফেরি চলাচল বন্ধ

বৈরী আবহাওয়ায় লক্ষ্মীপুর-ভোলা নৌরুটে ফেরি চলাচল বন্ধ

উত্তরদক্ষিণ। বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, আপডেট ১৮:৩৪

বৈরী আবহাওয়ায় মেঘনা নদী উত্তাল রয়েছে। এ অবস্থায় দুর্ঘটনা এড়াতে লক্ষ্মীপুর-ভোলা নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এ ছাড়া, ছোট লঞ্চ ও ছোট নৌযানও বন্ধ রাখা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাট লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আব্দুর রহমান ও ফেরী ঘাটের প্রান্তিক সহকারী রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে যাত্রীর চাপ থাকায় দুপুরে পারিজাত নামে একটি লঞ্চ লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাট লঞ্চঘাট থেকে ভোলার ইলিশাঘাটের উদ্দেশে ছাড়া হয় বলে জানিয়েছেন লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর।

মজুচৌধুরীর হাট ফেরিঘাটের প্রান্তিক সহকারী রেজাউল করিম রাজু বলেন, ৩ নম্বর সতর্কতা সংকেতের কারণে মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর ২টা থেকে রাত পর্যন্ত ফেরী চলাচল বন্ধ রাখা হয়। এ ছাড়া, বুধবার সকাল থেকে বৈরি আবহাওয়ার কারণে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এ রুটে প্রতিদিন চারটি ফেরি চলাচল করে। এতে প্রায় ১৫০টি যানবাহন পারাপার হয়।

মজুচৌধুরীর হাট লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আব্দুর রহমান বলেন, মঙ্গলবার দুপুর থেকে সতর্কতা সংকেত ও বৈরী আবহাওয়ার কারণে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। কিন্তু সকাল থেকে ভোলা-বরিশালের প্রচুর যাত্রী এসে ঘাটে অবস্থান নেয়। তাদেরকে ঘাটে ধরে রাখার পরিস্থিতি ছিল না। এতে দুপুর সোয়া ১২টার দিকে পারিজাত নামক একটি লঞ্চ ছাড়া হয়। তবে ছোট লঞ্চ এবং ছোট নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে।

এ ছাড়া, কালবৈশাখির প্রভাবে লক্ষ্মীপুরে সকাল থেকে দুপুর পর্যন্ত থেমে থেমে বজ্রসহ মাঝারি আকারের বৃষ্টি হয়। এরপর বৃষ্টি না হলেও আকাশ মেঘে ঢেকে আছে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading