সীমান্তে পালিয়ে এলো বিজিপির ১৩ সদস্য
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪, আপডেট ০৯:৩০
টেকনাফ সীমান্ত দিয়ে মিয়ানমার বিজিপির আরও ১৩ সদস্য পালিয়ে এসেছেন। দীর্ঘদিন ধরে মিয়ানমারে চলমান সংঘাতের জের ধরে কক্সবাজারের নাফ নদী দিয়ে এসব বিজিপি সদস্যরা পালিয়ে আসেন। তাদের নিরস্ত্র করে হেফাজতে নিয়েছে বিজিবি।
বুধবার (১৪ আগস্ট) সকাল ৭টায় সাবরাং এবং নাজিরপাড়াস্থ নাফ নদী দিয়ে পালিয়ে আসেন তারা।
টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবির এই কর্মকর্তা জানান, পালিয়ে আসা বিজিপি সদস্যদের নিরস্ত্র করে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে। তাদের নাম পরিচয় শনাক্তের কাজ চলছে। সকল আইনি প্রক্রিয়া শেষ করে তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হবে।
এ নিয়ে গত জুলাই মাস থেকে ১৪ আগস্ট পর্যন্ত মোট ১২৩ জন বিজিপি সদস্য পালিয়ে এসেছেন। তাদের বিজিবি হেফাজতে রাখা হয়েছে। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত বিজিপির ৭৫২ সদস্য পালিয়ে আশ্রয় নিয়েছিল। তাদের ৩ দফায় মিয়ানমারে ফেরতও পাঠানো হয়।
ইউডি/কেএস

