বিসিএসআইআর’র চেয়ারম্যান ও অবৈধ নিয়োগপ্রাপ্তদের পদত্যাগ দাবিতে বিক্ষোভ

বিসিএসআইআর’র চেয়ারম্যান ও অবৈধ নিয়োগপ্রাপ্তদের পদত্যাগ দাবিতে বিক্ষোভ

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪, আপডেট ২৩:৩০

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) চেয়ারম্যান ড. মো. আফতাব আলী শেখ, রাজনৈতিক প্রভাবে অবৈধ নিয়োগপ্রাপ্ত মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ নাজিম জামান (বিজ্ঞান ও প্রযুক্তি) ও জ্যেষ্ঠ প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার মো: আব্দুস সালামের পদত্যাগ দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সংস্থাটির বিজ্ঞানীরা। একইসঙ্গে জ্যেষ্ঠতার ভিত্তিতে নিজেদের বিজ্ঞানীদের মধ্য থেকেই চেয়ারম্যান নিয়োগেরও দাবি জানিয়েছেন তারা।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে বিসিএসআইআর সচিবালয় ভবনের সামনে বিজ্ঞানী সংঘের ব্যানারে এই কর্মসূচি আয়োজিত হয়। সংক্ষিপ্ত সমাবেশে বিসিএসআইআর দুর্নীতিমুক্ত করে সংস্কারের দাবি তুলেছেন বিজ্ঞানী সমাজ।

এ সময় বিক্ষুব্ধরা ‘আমার প্রতিষ্ঠান আমি হব চেয়ারম্যান’, ‘মন্ত্রীর পদলেহন করে হওয়া বিজ্ঞানীদের চাই না’, ‘নারী বিজ্ঞানীদের হেনস্তাকারী চেয়ারম্যানের বিচার চাই’, ‘বিসিএসআইআর কোনো রাজনৈতিক আড্ডাখানা নয়’, সহ বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দিতে থাকেন।

সমাবেশে বিজ্ঞানীরা অভিযোগ করেন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে টানা ১৬ বছরের মন্ত্রী ইয়াফেস ওসমানের প্রিয়ভাজনরা বিসিএসআইআর এ উচ্চপদে বহাল রয়েছেন। বিসিএসআইআর আইন অনুযায়ী, বিসিএসআইআর কার্যাবলীর সঙ্গে ২০ বছরের অভিজ্ঞতা না থাকলে কোনও ব্যক্তিকে চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া যায় না। কিন্তু এমন বাস্তব অভিজ্ঞতা না থাকা স্বত্ত্বেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে ড. মো. আফতাব আলী শেখকে চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হয়। বঞ্চিত করা হয় তার চেয়েও ১০ বছরের বেশি অভিজ্ঞতা থাকা বিসিএসআইআর-এ কর্মরত এক জ্যেষ্ঠ বিজ্ঞানীকে। আফতাব আলী শেখ নিয়োগ পাওয়ার পর পরিচালক পদে প্রমোশন বন্ধ, বিজ্ঞানীদের অকথ্য ভাষায় গালিগালাজ, বদলির হুমকি, বৈজ্ঞানিক যন্ত্রপাতি কেনাকাটায় অনিয়ম, বৈজ্ঞানিক প্রবন্ধে নিজের নাম জোরপূর্বক অর্ন্তভুক্ত করাসহ রিসার্চ ইথিকস পরিপন্থি কাজ করে যাচ্ছেন।

একইভাবে মন্ত্রীর আশির্বাদপুষ্ট মোহাম্মদ নাজিম জামান ২০১০ সালে সরকারি প্রকল্পে অস্থায়ী ভিত্তিতে যোগদান করেন। পরবর্তীতে সিনিয়র বিজ্ঞানীদের সরিয়ে ন্যূনতম ১৪ বছরের চাকুরির অভিজ্ঞতা ছাড়াই মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (সিএসও) পদ বাগিয়ে নেন। সিএসও পদে পদোন্নতি ও জ্যেষ্ঠতা কোনটিই বিধিসম্মত নয় বলে অভিযোগ তুলে বিসিএসআইআর-এর বিজ্ঞানীরা বলেন, রাজনৈতিক মদদপুষ্ট হওয়ায় তার মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন তারা।

জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বৈজ্ঞানিক কর্মকর্তার (৯ম গ্রেড) পদ দখল করে আছেন জ্যেষ্ঠ প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার মো: আব্দুস সালাম। যা বিসিএসআইআর-এর নিয়োগবিধি পরিপন্থি বলে অভিযোগ তুলেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

বিসিএসআইআর বিজ্ঞানী সংঘের সভাপতি ড. সেলিম খান বলেন, বিসিএসআইআর-এর বিজ্ঞানীরা চেয়ারম্যান ড. মো. আফতাব আলী শেখসহ অবৈধ নিয়োগপ্রাপ্ত এসকল কর্মকর্তাদের অনতিবিলম্বে পদত্যাগ চায়। সকল বৈষম্য, জুলুম, নিপিড়ন থেকে মুক্তি চায় বিজ্ঞানী সমাজ। তারা পদত্যাগ না করা পর্যন্ত নিয়মিত কর্মসূচি পালন করবেন তারা।

জ্যেষ্ঠ মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সামিনা আহমেদ বলেন, বিসিএসআইআর-এর চেয়ারম্যান হবেন এখানকার বিজ্ঞানীরা। যারা দিনরাত পরিশ্রম করে এ প্রতিষ্ঠানের জন্য কাজ করে। তাদেরকে বাদ দিয়ে বাইরে থেকে রাজনৈতিক নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যানের আমরা পদত্যাগ চাই। তাছাড়া মাথার ওপর জোর করে বসে থাকা চেয়ারম্যানের সহযোগী অবৈধ নিয়োগপ্রাপ্ত মোহাম্মদ নাজিম জামান ও মো: আব্দুস সালাম সিন্ডিকেটের অবসান চাই।

সমাবেশে বিজ্ঞানীরা পরিচালক পদে ভূতাপেক্ষভাবে পদোন্নতি, প্রমোশনে আপগ্রেডেশন পদ্ধতি চালু করা, অবৈধভাবে নিয়োগপ্রাপ্তদের তদন্ত সাপেক্ষে বিচার করা, বিসিএসআইআর-এর অর্গানোগ্রাম সংস্কার করাসহ বেশকিছু দাবি তুলে ধরেন।

এ ব্যাপারে জানতে বিসিএসআইআর চেয়ারম্যান ড. মো. আফতাব আলী শেখের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। জানা যায়, গত ৮ আগস্ট থেকে তিনি কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading