সুইডেনে প্রথম এমপক্স ভাইরাস শনাক্ত

সুইডেনে প্রথম এমপক্স ভাইরাস শনাক্ত

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪, আপডেট ১১:১০

আফ্রিকা মহাদেশের বাইরে এবার ইউরোপের দেশ সুইডেনে এমপক্সের আরও বিপজ্জনক ধরনে সংক্রমিত হওয়া রোগী শনাক্ত হয়েছে। দেশটির জনস্বাস্থ্যবিষয়ক সংস্থা জানিয়েছে, মাঙ্কিপক্স ভাইরাসে সংক্রমণের ঘটনা দেশটিতে এটিই প্রথম।

সংস্থাটি বলেছে, এমপক্স শনাক্ত হওয়া ওই ব্যক্তি আফ্রিকার একটি দেশে অবস্থানকালে মাঙ্কিপক্স ভাইরাসে সংক্রমিত হয়েছেন। আফ্রিকার বিভিন্ন দেশে বর্তমানে এমপক্সের ‘ক্লেড ১’ ধরনের সংক্রমণ ছড়িয়ে পড়েছে।

আফ্রিকার অংশবিশেষে ছড়িয়ে পড়া এমপক্স নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বৈশ্বিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করার মাত্র কয়েক ঘণ্টা পর সুইডেনে এমপক্সের রোগী শনাক্ত হওয়ার কথা জানা গেল।

আফ্রিকার গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোয় এমপক্সের প্রাথমিক প্রাদুর্ভাবে অন্তত ৪৫০ জন মারা গেছেন। এর পর থেকে এ মহাদেশের মধ্য ও পূর্বাঞ্চলীয় কয়েকটি দেশেও রোগটি ছড়িয়ে পড়ছে।

সুইডিশ জনস্বাস্থ্য সংস্থার ভারপ্রাপ্ত প্রধান অলিভিয়া উইগজেল জানান, সুইডেনে এমপক্সের সংক্রমণ শনাক্ত হওয়া ব্যক্তি স্টকহোমের একটি এলাকায় আছেন। সুইডেনে তাঁর চিকিৎসা চলছে। এর অর্থ এটি নয় যে দেশটির বৃহত্তর জনগোষ্ঠী সংক্রমণের ঝুঁকিতে রয়েছে। এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আক্রান্ত ব্যক্তি দেশের বাইরে আফ্রিকায় অবস্থানকালে সংক্রমিত হন।

আফ্রিকার অংশবিশেষে ছড়িয়ে পড়া এমপক্স নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বৈশ্বিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করার মাত্র কয়েক ঘণ্টা পর সুইডেনে এমপক্সের রোগী শনাক্ত হওয়ার কথা জানা গেল।

এমপক্সের জন্য দায়ী মাঙ্কিপক্স ভাইরাস। এমপক্স রোগটি আগে মাঙ্কিপক্স নামেও পরিচিত ছিল। এটি স্মলপক্স বা গুটিবসন্তের জন্য দায়ী ভাইরাসের একই শ্রেণিভুক্ত। মাঙ্কিপক্স প্রথম পশু থেকে মানুষে সংক্রমিত হয়। কিন্তু বর্তমানে মানুষ থেকে মানুষেও সংক্রমণ ঘটছে।

এমপক্সে সংক্রমিত ব্যক্তির ঘনিষ্ঠ সংস্পর্শে মাঙ্কিপক্স ভাইরাস অন্যজনের শরীরে সংক্রমিত হয়ে থাকে। এমন সংস্পর্শের মধ্যে রয়েছে শারীরিক সম্পর্ক, ত্বকের স্পর্শ, কাছাকাছি থেকে কথা বলা বা শ্বাসপ্রশ্বাস। এ ভাইরাসে আক্রান্ত ব্যক্তির উপসর্গ ফ্লুর মতো। রোগের একপর্যায়ে শরীরে ফুসকুড়ি দেখা দেয় এবং এটি প্রাণঘাতী হয়ে উঠতে পারে।

পশ্চিম ও মধ্য আফ্রিকার বৃষ্টিপ্রধান ক্রান্তীয় বনাঞ্চলের প্রত্যন্ত গ্রাম এলাকায় এ ভাইরাসের বেশি প্রাদুর্ভাব লক্ষ করা যায়। প্রতিবছর এসব অঞ্চলে হাজারো মানুষ এমপক্সে সংক্রমিত হন। বর্তমানে বেশি আক্রান্ত দেশগুলোর একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো (ডিআর কঙ্গো)।

এ মুহূর্তে মাঙ্কিপক্স ভাইরাসের কয়েকটি ধরনে সংক্রমণের ঘটনা যুগপৎভাবে দেখা যাচ্ছে। এর মধ্যে একটি ধরন বেশি বিপজ্জনক। ‘ক্লেড ১বি’ নামের ধরনটি গত বছরের সেপ্টেম্বরে শনাক্ত হয়েছে।

‘ক্লেড ১’–এর দুটি ধরন রয়েছে। সুইডেনে শনাক্ত হওয়া ব্যক্তি ‘ক্লেড ১বি’–এর সংক্রমণের শিকার। ধরনটিতে সংক্রমণের প্রথম ঘটনা গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোয় শনাক্ত হয়। তবে এটির সংক্রমণ এখন বুরুন্ডি, কেনিয়া ও রুয়ান্ডাতেও নিশ্চিত হয়েছে। অতিসম্প্রতি তা সুইডেনে শনাক্ত হলো।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading