সহকর্মীকে ধর্ষণ-হত্যা, ইন্ডিয়াজুড়ে ধর্মঘটের ডাক চিকিৎসকদের
উত্তরদক্ষিণ। শনিবার, ১৭ আগস্ট, ২০২৪, আপডেট ০০: ২০
কলকাতার আরজি কর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনা নিয়ে তোলপাড় গোটা ইন্ডিয়া। এর জেরে শনিবার সকাল ৬টা থেকে দেশব্যাপী সরকারি ও বেসরকারি হাসপাতালে ২৪ ঘণ্টা কর্মবিরতির ডাক দিয়েছে চিকিৎসকদের বৃহত্তম সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)।
শুক্রবার (১৬ আগস্ট) টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সংগঠনটি জানিয়েছে জরুরি পরিষেবা ছাড়া ২৪ ঘণ্টায় সবরকম পরিষেবা দেয়া থেকে বিরত থাকবেন চিকিৎসকেরা। বৃহস্পতিবার এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে তারা।
এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, সব প্রয়োজনীয় পরিষেবা চালু থাকবে। হতাহতের চিকিৎসার ব্যবস্থা করা হবে। কিন্তু ওপিডির নিয়মিত কাজকর্ম হবে না এবং ইলেকটিভ সার্জারি করা হবে না। যেখানে যেখানে আধুনিক মেডিসিনের ডাক্তাররা পরিষেবা দেন, সেসব সেক্টরে পরিষেবা প্রত্যাহার করা হবে।
এদিকে হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের ‘এক দফা’ দাবি নিয়ে মাঠে নেমেছে বিজেপি।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবিতে শুক্রবার দুপুরে বিজেপি দুই ঘণ্টা ‘রাস্তা রোকো’ বা অবরোধ কর্মসূচি পান করেছে।
অন্যদিকে আরজি কর কাণ্ডের প্রতিবাদে ১২ ঘণ্টার বাংলা বন্ধের ডাক দিয়েছে সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অব ইন্ডিয়া (এসইউসিআই)। শুক্রবার সকাল ৬টা থেকে তাদের এই বন্ধ চলছে।
গত ৯ আগস্ট কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে এক শিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করা হয়। পরেরদিন ওই হাসপাতালের জরুরি বিভাগের সেমিনার হল থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার হয়। এ ঘটনার প্রতিবাদে ইন্ডিয়াজুড়ে জ্বলছে বিক্ষোভের আগুন।
ইউডি/এবি

