ব্যাংক থেকে নগদ ৩ লাখ টাকার বেশি তোলা যাবে না
উত্তরদক্ষিণ। শনিবার, ১৭ আগস্ট, ২০২৪, আপডেট ২০: ১০
নিরাপত্তার স্বার্থে ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের সর্বোচ্চ সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে একটি অ্যাকাউন্ট থেকে তিন লাখ টাকার বেশি নগদ টাকা উত্তোলন করা যাবে না। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত প্রযোজ্য হবে বলে ব্যাংকগুলোকে খুদে বার্তা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।
শনিবার (১৭ আগস্ট) রাতে বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা এমডিদের এক জরুরি বার্তায় এ নির্দেশনা দেওয়া হয়েছে। একাধিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নির্দেশনা অনুযায়ী, একজন গ্রাহক তিন লাখের বেশি নগদ টাকা উত্তোলন করতে পারবেন না। তবে যেকোনো পরিমাণ টাকা অন্য হিসাবে স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন।
জানা গেছে, সরকার পরিবর্তনের পর নগদ টাকা উত্তোলনের চাপ কিছুটা বেড়ে যায়। বিশেষ করে আওয়ামীপন্থি রাজনীতিবিদ ও ব্যবসায়ী পরিবার থেকে নগদ টাকা উত্তোলনের চাপ দেখা যায়। এসব অর্থ যাতে কোনোভাবেই সন্ত্রাসী বা অবৈধ কাজে ব্যবহৃত না হয়, সেজন্য নগদ টাকা উত্তোলন কিছুটা নিরুৎসাহিত করতে এ সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক।
ইউডি/এবি

