বিক্ষোভের নগরী ঢাকা, তীব্র যানজট
উত্তরদক্ষিণ। সোমবার, ১৯ আগস্ট, ২০২৪, আপডেট ০১: ২২
সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার (১৮ আগস্ট) রাজধানী ঢাকা বিক্ষোভের নগরীতে রূপ নেয়। এদিন অন্তত সাতটি স্থানে বিভিন্ন দাবিতে নানা পেশার মানুষ সড়ক আটকে বিক্ষোভ করে। ফলে তীব্র যানজটে অচল হয়ে পড়ে ঢাকা।
শেখ হাসিনার শাসনামলে কেউ দাবি-দাওয়া নিয়ে গণভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ধারেকাছে ভিড়তে না পারলেও প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বাসভবন যমুনার সামনে আগের দিনগুলোর মতো গতকালও বিক্ষোভ হয়। চাকরি স্থায়ীকরণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন ‘তথ্য আপা’রা। সঙ্গীতা সরকার নামে এক কর্মীকে দুপুর ১টার দিকে যমুনায় ডেকে নেন ড. ইউনূস। প্রধান উপদেষ্টা আইনি কাঠামোর মধ্যে যতটুকু করা যায়, তা করবেন বলে আশ্বস্ত করেন। লিখিত আশ্বাস না পাওয়া পর্যন্ত সরবেন না বলে জানিয়ে দেন বিক্ষোভকারীরা।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীন ফিল্ড সার্ভিসেস ডেলিভারি প্রকল্পের আওতায় এক হাজার ১৫৫ নারী ‘স্বেচ্ছাসেবী’র চাকরি স্থায়ীকরণ ও মেয়াদ বৃদ্ধির দাবিতে এবং মহিলাবিষয়ক অধিদপ্তরের ‘উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণ’ প্রকল্পে কর্মরতরা যমুনার সামনে বিক্ষোভ করেন। এর অদূরে কাকরাইল মোড় আটকে চাকরি সরকারীকরণের দাবিতে দিনভর বিক্ষোভ করেন গ্রাম পুলিশ সদস্যরা। কাকরাইল মোড়ে যান চলাচল বন্ধ থাকায় সেখান থেকে উত্তরা পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ যানজট হয়।
সচিবালয়ের প্রধান ফটকের সামনে চাকরি পুনর্বহালের দাবিতে দিনভর স্লোগান দেন বিজিবির সাবেক সদস্যরা। অদূরে শিক্ষা ভবনের সামনে চাকরি স্থায়ীকরণের দাবিতে বিক্ষোভ করেন মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষাগার পরিদর্শক এবং গবেষণা সহকারীরা। রেল ভবনের সামনে একই দাবিতে অবস্থান নেন গেটকিপাররা।
টিএসসিতে সড়ক আটকে সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর নির্ধারণের দাবিতে বিক্ষোভ করেন চাকরিপ্রত্যাশীরা। সায়েন্স ল্যাবে এবং উত্তরার বিএনএস সেন্টারের সামনে এইচএসসি পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ করে পরীক্ষার্থীরা।
ফনিক্স রোডের পুলিশ সদরদপ্তরের সামনের সড়কে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা বিক্ষোভ করেন। তুরাগে আবাসিক এলাকায় পয়োশোধনাগার স্থাপনের প্রতিবাদে কারওয়ান বাজার মোড়ে ওয়াসা ভবন ঘেরাও করা হয়। এ ছাড়া বেতন বৈষম্য দূরীকরণ, দুর্নীতি নিরসন, অধ্যক্ষের পদত্যাগ, শেখ হাসিনার বিচারসহ নানা দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। এত কর্মসূচির ফলে সপ্তাহের প্রথম কর্মদিবসে যানজট দেখা দেয়।
খাদ্যে দুর্নীতি বন্ধের দাবিতে বিক্ষোভ
দুর্নীতি বন্ধের দাবিতে খাদ্য অধিদপ্তর নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারসহ দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের বিচারের দাবিতে আব্দুল
গনি রোডে খাদ্য ভবনের সামনে মানববন্ধন করেন। খাদ্য পরিদর্শক সমিতির সভাপতি আব্দুর রহমান খানের সভাপতিত্বে বক্তব্য দেন উত্তম কুমার দাশ, মোক্তাদীর রহমান, জাহিদুল ইসলাম, সুদেব চন্দ্র সাহা, আনোয়ার হোসেন হিটলার, লোকমান হাকিম প্রমুখ।
মানববন্ধনে ঐক্য পরিষদ নেতারা বেশ কিছু দাবি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে– উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পদ খাদ্য ক্যাডারে ক্যাডারভুক্ত করা; খাদ্য পরিদর্শক ও সাইলো সুপারভাইজারদের প্রথম গ্রেড, সুপারিনটেনডেন্ট ও প্রধান সহকারী পদ থেকে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের শূন্য পদে পদোন্নতি এবং অন্যান্য পদের বেতন গ্রেড
উন্নীত করার পাশাপাশি আন্তঃক্যাডার বৈষম্য নিরসন এবং অতিরিক্ত পরিচালক ও উপপরিচালক পদের আপগ্রেড।
আইনে নেই, তবু স্থায়ী চাকরি চায় ‘তথ্য আপা’
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীন জাতীয় মহিলা সংস্থার ‘তথ্য আপা’ প্রকল্পের কর্মীদের যমুনার সামনে বিক্ষোভে কাকরাইল মোড় থেকে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনের সড়ক বন্ধ রাখা হয়। মিন্টো রোড ও অফিসার্স ক্লাবের সামনের সড়কও বন্ধ ছিল। প্রধান উপদেষ্টার মৌখিক আশ্বাসেও বিক্ষোভকারীরা সরে না যাওয়ায় বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসঊদ হ্যান্ডমাইকে অবস্থান কর্মসূচি পুনর্বিবেচনার আহ্বান জানান। প্রকল্পের কর্মীদের চাকরি স্থায়ীকরণের আইনি সুযোগ না থাকলেও বিক্ষোভকারীরা দাবিতে অনড় ছিলেন। রাত ৮টার দিকেও তারা যমুনার সামনে ছিলেন। এ সময় সঙ্গীতা সরকার বলেন, ‘শুনেছি আমাদের বিষয়ে কথা বলতে যমুনা থেকে মন্ত্রণালয়ে ফোন করা হয়েছে। চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের লিখিত চাই।’
ডোপ টেস্টে বাদ পুলিশও চাকরি ফেরত চায় গত ১৫ বছরে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে চাকরি হারানো পুলিশ সদস্যদের দাবি, নির্বাহী আদেশে তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচিতে যাবেন। মাদক সেবনের কারণে চাকরিচ্যুত পুলিশও চাকরি ফেরত চান।
এক কনস্টেবল বলেন, চাকরির ডোপ টেস্টে ধরা পড়ায় তাঁকে চাকরিচ্যুত করা হয়। পরবর্তী সময়ে আদালতে নির্দোষ প্রমাণ হলেও চাকরি ফেরত পাননি।
চাকরিচ্যুতদের বিক্ষোভে সদরদপ্তর থেকে পুলিশ কর্মকর্তারা গাড়ি নিয়ে বাইরে বের হতে পারেননি। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আন্দোলনরত পুলিশ সদস্যদের মধ্য থেকে চারজনকে ডেকে বৈঠক করেন পুলিশ মহাপরিদর্শক ময়নুল ইসলাম। তিনি চাকরি ফেরতের আশ্বাস দিয়ে মূল্যায়ন কমিটি গঠনের মাধ্যমে পুরো প্রক্রিয়া বিচার-বিশ্লেষণ করার ঘোষণা দেন। এরপর তারা আন্দোলন স্থগিত করেন।
এদিকে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে নিয়োগের ফল প্রকাশের দাবিতে সচিবালয়ের সামনে বিক্ষোভ করেছেন চাকরিপ্রার্থীরা। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ‘পদোন্নতি বঞ্চিত’ কর্মকর্তারা সচিবালয়ের গেটে অবস্থান নেন। বেলা ১১টার দিকে তারা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।
নিয়মিত পদোন্নতি এবং অন্যান্য সরকারি দপ্তরের মতো সব বিভাগে বিভাগীয় দপ্তরসহ পদ সৃজনের দুই দাবি জানিয়েছেন বিসিএস ডাক ক্যাডারের কর্মকর্তা-কর্মচারীরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালকসহ সব ঊর্ধ্বতন কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল ও পদায়ন স্থগিতের দাবিতে খামারবাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে পদবঞ্চিত ও বৈষম্যবিরোধী বিসিএস কৃষি কর্মকর্তারা বিক্ষোভ করেন। মৎস্য ভবনে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. আলমগীরকে অবরুদ্ধ করে অবস্থান কর্মসূচি পালন করেন ইউনিয়ন প্রকল্পের কর্মচারী কল্যাণ পরিষদের কর্মীরা।
আওয়ামী লীগ সরকারের পদলেহন ও দুর্নীতির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল সেলিনা আক্তারের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ করেন। বাংলাবাজারে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কার্যনির্বাহী কমিটির পদত্যাগ দাবিতে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী প্রকাশক সমাজ।
ইউডি/ এসআই

