গণহত্যার অভিযোগ শেখ হাসিনা-ইনু-মেনন-নজিবুল বশরের বিরুদ্ধে

গণহত্যার অভিযোগ শেখ হাসিনা-ইনু-মেনন-নজিবুল বশরের বিরুদ্ধে

উত্তরদক্ষিণ। সোমবার, ১৯ আগস্ট, ২০২৪, আপডেট ১৮:৫০

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ১৪ দলের নেতা হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও নজিবুল বশর মাইজভান্ডারীসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দায়ের করা হয়েছে।

গত ৪ আগস্ট মিরপুরের দেশ পলিটেকনিক কলেজের নবম শ্রেণির ছাত্র নিহত শাহরিয়ার হাসান আলভীর (১৫) বাবা মো.আবুল হাসান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এ অভিযোগ করেন।

সোমবার (১৯ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী এমএইচ তামিম এ তথ্য জানিয়েছেন।

আসামিদের নির্দেশে গত ৪ আগস্ট পুলিশের গুলিতে শাহরিয়ার হাসান আলভী নিহত হন বলে অভিযোগ করা হয়।

এতে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, ১৪ দলের নেতা ওয়ার্কার্স পার্টির সভাপতি সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, জাসদের সভাপতি সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, জেপির সভাপতি সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, তরীকত ফেডারেশনের সভাপতি সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, যুবলীগের সেক্রেটারি মাইনুল হাসান নিখিলসহ ২৭ জনের নাম উল্লেখ করে এবং সংগঠন হিসেবে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনসমূহ এবং অজ্ঞাত ৫০০ জনকে আসামি করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, গত ৩০ জুলাই আসামিরা আন্দোলন দমানো ও হত্যাকাণ্ড সংঘটিত করার জন্য বৈঠকে বসেন এবং সর্বসম্মতিক্রমে সব শক্তি প্রয়োগ করে আন্দোলন দমনের সিদ্ধান্ত নেন।

এর আগে শেখ হাসিনার বিরুদ্ধে আরও দুটি গণহত্যার অভিযোগ আনা হয়, যেগুলোর তদন্ত চলছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading