সাকিবকে বিসিবির ইতিবাচক বার্তা
উত্তরদক্ষিণ। সোমবার, ২৬ আগস্ট, ২০২৪, আপডেট ২১:০০
বোতলের ছিপিটা খুলে দিয়েছেন মুমিনুল হক। গতকাল রবিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পাকিস্তান সফররত জাতীয় দলের এই ব্যাটসম্যান সোজাসাপটা বলে দিয়েছেন, সাকিব আল হাসানকে মিথ্যা হত্যা মামলায় জড়ানো হয়েছে। এরপর ক্রিকেটার এনামুল হক বিজয়, রুবেল হোসেনও সাকিবের পাশে থাকার কথা জানিয়েছেন ফেসবুক পোস্টে।
‘হত্যা মামলার আসামি’ সাকিবের পক্ষে সমর্থনের স্রোত আজও অব্যাহত থেকেছে। রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৯১ রানের ইনিংস খেলে বাংলাদেশের ১০ উইকেটের জয়ে ম্যান অব দ্য ম্যাচ মুশফিকুর রহিমও চুপ থাকেননি।
সোমবার (২৬ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, সাকিবকে বাঁহাতি স্পিনার হিসেবে সর্বাধিক উইকেট নেওয়ার রেকর্ড গড়ার জন্য অভিনন্দন। আমি অনেকবার বলেছি এবং আবার বলছি যে সাকিবের মতো একজন চ্যাম্পিয়নের সঙ্গে খেলতে পেরে আমি গর্বিত। একজন টিমমেট এবং ভাই হিসেবে, আমি সাকিবের কঠিন সময়গুলোর সঙ্গী এবং আমি তার বিরুদ্ধে তোলা মিথ্যা অভিযোগের সমর্থন করি না। কারণ, আমি জানি সে কখনোই অমানবিক কাজে লিপ্ত হবে না। আমরা সব সময় তোমার পাশে আছি, বন্ধু।
সন্ধ্যায় এক বিবৃতিতে ক্রিকেটারদের সংগঠন কোয়াবও সাকিবের প্রতি তাদের সমর্থন জানিয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক দেবব্রত পাল স্বাক্ষরিত বিবৃতিতে কোয়াব বলেছে, সাকিব আল হাসানের রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে আলোচনা-সমালোচনা থাকতে পারে। তবে তারা মনে করে, বাংলাদেশের ক্রিকেটে সাকিবের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম।
ইউডি/এবি

