সাবেক পাঁচ মন্ত্রীসহ ২০ জনের বিও হিসাব জব্দ
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪, আপডেট ২৩:৩০
পতন হওয়া আওয়ামী লীগ সরকারের পাঁচ মন্ত্রী, এক সংসদ সদস্যসহ তাদের পরিবারের ২০ জনের নামে শেয়ারবাজারে থাকা সব বিও (বেনিফিশিয়ারি ওনার্স) জব্দ করা হয়েছে। জব্দ থাকা অবস্থায় এসব বিও হিসাবে শুধু অর্থ জমা করা যাবে। এ ছাড়া অর্থ উত্তোলনসহ অন্য কোনো কার্যক্রম পরিচালনা করা যাবে না।
বিদায়ী আওয়ামী লীগ সরকারের যে পাঁচ মন্ত্রীর বিও হিসাব জব্দ করা হয়েছে তারা হলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাছান মাহমুদ, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল; সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। পাশাপাশি তাদের পরিবারের সদস্যদেরও বিও হিসাব জব্দের নির্দেশ দেওয়া হয়েছে।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বৃহস্পতিবার (২৯ আগস্ট) এসব বিও হিসাব জব্দের নির্দেশ দেয়। শেয়ারবাজারের বিও হিসাব সংরক্ষণকারী প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড বা সিডিবিএলকে এ নির্দেশ কার্যকর করতে বলা হয়েছে।
এর আগে বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলামসহ শেয়ারবাজার সংশ্লিষ্ট ১১ ব্যক্তির বিও হিসাব জব্দ করে বিএসইসি।
ইউডি/এবি

