স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ইন্ডিয়ান হাইকমিশনারের সাক্ষাৎ
উত্তরদক্ষিণ। সোমবার, ০২ সেপ্টেম্বর, ২০২৪, আপডেট ২২:৪৫
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর (অব.) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইন্ডিয়ার হাইকমিশনার প্রণয় ভার্মা।
সোমবার (৪ মার্চ) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার অফিসকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে পুলিশ বাহিনী, সীমান্ত নিরাপত্তা, ইন্ডিয়ান নাগরিকদের নিরাপত্তা, বন্যা সতর্কীকরণ ও পূর্বাভাসের ক্ষেত্রে তথ্য আদান-প্রদানসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
শুরুতে উপদেষ্টা হাইকমিশনারকে স্বাগত জানিয়ে বলেন, চলমান সংস্কারের অংশ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন পুলিশসহ অন্যান্য বাহিনীতে সংস্কার করা হবে। তবে তা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে।
বৈঠকে দুই পক্ষ সীমান্ত নিরাপত্তা বাড়ানোর মাধ্যমে সীমান্ত হত্যা সর্বনিম্ন বা শূন্যে নামিয়ে আনার ব্যাপারে ঐকমত্য পোষণ করেন।
হাইকমিশনার বাংলাদেশে বসবাসরত ইন্ডিয়ান শিক্ষার্থী ও অন্য নাগরিকদের নিরাপত্তার বিষয়ে উপদেষ্টার সহযোগিতা চাইলে তিনি তাকে এ বিষয়ে পুরোপুরি আশ্বস্ত করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বাংলাদেশে ইন্ডিয়ান নাগরিকদের নিরাপত্তায় কোনো শঙ্কা নেই। সরকারের পক্ষ থেকে তাদের পরিপূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করা হবে। ইন্ডিয়ান শিক্ষার্থীরা বাংলাদেশে এসে তাদের পাঠ কার্যক্রম শুরু করতে পারে।
উপদেষ্টা আরও বলেন, বন্যা সতর্কীকরণ ও পূর্বাভাসের ক্ষেত্রে দুই দেশের একসঙ্গে কাজ করা উচিত। হাইকমিশনার এ ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত দিয়ে বাংলাদেশকে সহায়তা করা হবে বলে জানান।
এ সময় স্বল্প পরিসরে ইন্ডিয়ান ভিসা চালু করা হয়েছে জানিয়ে প্রণয় ভার্মা বলেন, তবে তা জরুরি চিকিৎসার প্রয়োজনে ও পড়াশোনার জন্য আসা শিক্ষার্থীদের জন্য।
ইউডি/এবি

