পলকের বিরুদ্ধে সিংড়ায় ২ মামলা

পলকের বিরুদ্ধে সিংড়ায় ২ মামলা

উত্তরদক্ষিণ। বুধবার, (০৪ সেপ্টেম্বর), ২০২৪, আপডেট ১০:৩০

সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নামে দুটি মামলা হয়েছে। গত সোমবার(২ সেপ্টেম্বর) রাতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ও দলীয় কর্মসূচিতে বিএনপি নেতাদের মারধরের অভিযোগে নাটোরের সিংড়া থানায় মামলা দুটি করেন বিএনপি ও যুবদলের দুই নেতা। মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম।

মামলায় সিংড়া উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম মারধরের অভিযোগে করেছেন। জুনাইদ আহমেদ পলক ছাড়াও এ মামলায় ১৫ জনের নাম উল্লেখ করে আরও ৩০ থেকে ৪০ জনকে নাম না জানা আসামি করা হয়েছে।

অপর মামলাটি করেছেন রামানন্দ খাজুরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. শিমুল হোসেন। এ মামলায় সাবেক প্রতিমন্ত্রীসহ ২৭ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি ইউনিয়ন বিএনপির পদযাত্রা কর্মসূচিতে কৈগ্রাম এলাকায় ৩০ থেকে ৪০ জন মোটরসাইকেল ও ভ্যানে করে এসে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ সময় লোহার রড দিয়ে বিএনপি নেতাদের পিটিয়ে জখম করা হয়। বাদীর একটি মুঠোফোন ছিনতাই করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। মামলা করলে সে সময় প্রাণনাশেরও হুমকি দেন আসামিরা।

অপর মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের এজেন্ট থাকা অবস্থায় বাদোপাড়া উচ্চবিদ্যালয় কেন্দ্রে গিয়ে মারধর করে মুঠোফোন ও নগদ ১০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ করেন যুবদল নেতা শিমুল হোসেন। পরদিন উপজেলার হরিণী তিন মাথা মোড়ে এসে বাদীকে জখম করেন আসামিরা।

সিংড়া থানার ওসি আবুল কালাম বলেন, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে। অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading