অপরাধীদের ক্ষমা নয়, বিচার করতে হবে: রিজভী

অপরাধীদের ক্ষমা নয়, বিচার করতে হবে: রিজভী

উত্তরদক্ষিণ। বুধবার, (০৪ সেপ্টেম্বর), ২০২৪, আপডেট ১৫:৩০

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনার নির্দেশে যাদের গুলি করে হত্যা করা হয়েছে তাদের হত্যাকারীদের ক্ষমা করলে নিহতদের আত্মার সঙ্গে বেইমানি করা হবে। একটি রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, তারা বলছেন আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছেন। গণহত্যাকারীদের কিসের ক্ষমা করতে বলেছেন তারা?

তিনি বলেন, ট্রাইব্যুনাল করে প্রতিটি হত্যা ও প্রতিটি অপরাধের বিচার করতে হবে। যদি শেখ হাসিনাসহ অপরাধীদের বিচার করা না হয় তাহলে বাংলাদেশ কবরস্থানে পরিণত হবে।

বুধবার (৪ সেপ্টেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে আন্দোলনে নিহত গোলাম রাব্বানীর বাবার হাতে অনুদান তুলে দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

রাজধানীর শাহবাগ এলাকায় গোলাম রাব্বানীদের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে রুহুল কবির রিজভী এ অনুদানের টাকা তুলে দেন।

এসময় রিজভী বলেন, আমি আগেও বলেছি নিরপরাধ কেউ যেন মামলার শিকার না হন। কিন্তু যারা অপরাধী তাদের ক্ষমা করা যাবে না। তিনি বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা কেউ আইন হাতে তুলে নেবেন না। আইনশৃঙ্খলা বাহিনীকে তাদের কাজ করতে দিন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এ বিষয়ে কঠোর বার্তা দিয়েছেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, দলের সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, ডা. মনোয়ারুল কাদির বিটু, ডা. জাহিদুল কবির, মেহেবুব মাসুম শান্ত, আরিফুর রহমান তুষার প্রমুখ।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading