বিক্ষোভ-সংঘাতে অস্থির মণিপুরের তিন জেলায় কারফিউ
উত্তরদক্ষিণ। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর), ২০২৪, আপডেট ২৩:৫০
বিক্ষোভ ও সংঘাতে অস্থির ইন্ডিয়ার মণিপুরের তিন জেলায় শান্তি রক্ষায় কারফিউ জারি করা হয়েছে।
মেইতেই ও কুকিদের মধ্যে ব্যাপক সহিংসতার জেরে আবার অশান্তি মাথা চাড়া দিয়ে উঠেছে ইন্ডিয়ার ‘সেভেন সিস্টার্স’ খ্যাত সাত রাজ্যের অন্যতম মণিপুরে।
ইন্ডিয়ার সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে লিখেছে, সাম্প্রতিক সহিংসতা ও বিক্ষোভে মণিপুরে ক্রমেই বাড়ছে হতাহতের ঘটনা। রাজ্যের রাজধানী ইম্ফাল ঘিরে হামলা-বিক্ষোভ ফিরছে।
এ অবস্থায় ইম্ফাল পূর্ব, ইম্ফাল পশ্চিম ও থৌবাল জেলায় কারফিউ জারি করা হয়েছে বলে তথ্য দিয়েছে ইন্ডিয়া টুডে।
খবরে বলা হয়েছে, এর আগের এক নির্দেশে ইম্ফাল পূর্ব ও ইম্ফাল পশ্চিম জেলার প্রশাসকরা মঙ্গলবার ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত কারফিউ শিথিল করেছিলেন। পরবর্তীতে জেলা দুটির নিরাপত্তার কথা চিন্তা করে শিথিলকরণের আদেশ বাতিল করে উভয় জেলায় কারফিউ পুনরায় জারি করা হয়েছ।
তবে জেলাপ্রশাসকদের ঘোষণায় সংবাদমাধ্যম, বিদ্যুৎসেবা, আদালত ও স্বাস্থ্যসেবাসহ অত্যাবশ্যকীয় পরিষেবাগুলো কারফিউয়ের আওতামুক্ত রাখা হয়েছে।
রাজ্যটিতে সাম্প্রতিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলাসহ চলমান সহিংসতায় আটজনের প্রাণ গেছে এবং ১২ জনেরও বেশি আহত হয়েছেন।
এসব হামলার পেছনে জড়িতদের শাস্তির দাবিতে হাজার হাজার শিক্ষার্থী সোমবার মণিপুর সচিবালয় এবং রাজভবনের সামনে বিক্ষোভ করে। রাতে মশাল নিয়ে হয় বিশাল বিক্ষোভ।
ইউডি/এবি

