এফবিসিসিআই’র সকল পদে সরাসরি নির্বাচন চান ব্যবসায়ীরা
উত্তরদক্ষিণ। শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, আপডেট ২৩:০০
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র সাধারণ পরিষদের সদস্যদের অধিকার আদায় এবং প্রতিনিধিত্ব বাস্তবায়নে সকল পদে সরাসরি নির্বাচন, মনোনিত পরিচালক প্রথা বাতিল ও সর্বক্ষেত্রে সংস্কার চেয়েছেন ব্যবসায়ী নেতারা।
শনিবার (২১ সেপ্টেম্বর ২০২৪) সন্ধ্যায় রাজধানীর ফার্স হোটেলে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এই দাবি জানান এফবিসিসিআই-এর সাধারণ পরিষদের সদস্যরা।
সভায় জানানো হয়, বিগত ১৫ বছর এফবিসিসিআই-এর কার্যক্রম, বাবসা বাণিজ্য শিল্প ও সেবা খাতের স্বার্থ সার্বিকভাবে পরিচালিত হয়নি, বরং অনির্বাচিত ও একদলীয় স্বৈরাচারী সরকারের তোষামোদি, ব্যক্তিগত স্বার্থ হাসিলসহ রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে তৎপর ছিলো। রাজনৈতিক মদদপুষ্ট কিছু অসাধু অব্যবসায়ী এফবিসিসিআই -এর অফিসকে দলীয় কার্যালয়ে পরিণত করে বিভিন্ন বাজার সিন্ডিকেটের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য অস্বাভাবিক বৃদ্ধি করে দেশের আপামর সাধারন মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছিল।
সাধারণ পরিষদের সদস্যবৃন্দ জানান, দাবীর মুখে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে এফবিসিসিআই-এর পর্ষদ বাতিল করে প্রশাসক নিয়োগ দিয়েছে। ব্যবসায়ীদের প্রত্যাশা, এফবিসিসিআই- এর সর্বস্তরে প্রয়োজনীয় সংস্কার সাধনের মাধ্যমে সাধারণ পরিষদের সকল সদস্যের অধিকার আদায় ও প্রতিনিধিত্ব বাস্তবায়িত হবে।
মতবিনিময় সভায় অংশ নিয়ে ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং অর্থনীতির চাকাকে গতিশীল রাখার লক্ষ্যে বৈষম্যহীন এফবিসিসিআই গড়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন আলোচকরা। তারা জানান আমরা এমন এফবিসিসিআই প্রতিষ্ঠা করতে চাই যেখানে সাধারণ পরিষদের সকল সদস্যকে সমানভাবে মূল্যায়ন করা হবে। এ লক্ষো এফবিসিসিআই -এর সাধারণ পরিষদের সকল পদে সরাসরি নির্বাচন ও মনোনিত পরিচালক প্রথা বাতিলের বিকল্প নেই বলে উল্লেখ করেন বাবসায়ী নেতৃবৃন্দ।
সভায় উপস্থিত ছিলেন, এফবিসিসিআই-এর সাধরণ পরিষদের সদস্য আবুল কাসেম হায়দার মোহাম্মদ জাকির হোসেন (নয়ন), গিয়াসউদ্দিন চৌধুরী জাকির হোসেন আতিকুর রহমান আনিসুর রহমান বাদশা মিসেস সাঈদা আক্তার, মোঃ সাহিদুর রহমান খান সাঈদ, ডা. মাহবুব হাফিজ কে এম আরিফ উল কবির, আল মামুন আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ইউডি/কিফায়েত সুস্মিত

