গাজায় ‘চূড়ান্ত বিজয়’ লাভের আগ পর্যন্ত অভিযান চলবে: নেতানিয়াহু
উত্তরদক্ষিণ। শুক্রবার (২৭ সেপ্টেম্বর), ২০২৪, আপডেট ২৩:৪০
গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা পুরোপুরি নাকচ করে দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, চুড়ান্ত বিজয় অর্জনের আগ পর্যন্ত সেখানে অভিযান চালাবে ইসরায়েলি বাহিনী। সেই সঙ্গে গত এক সপ্তাহ ধরে লেবাননে যে অভিযান চালাচ্ছে ইসরায়েলের বিমান বাহিনী, তা ও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া এক ভাষণে গাজা এবং লেবানন ইস্যুতে তার নেতৃত্বাধীন সরকারের অবস্থান স্পষ্ট করেছেন নেতানিয়াহু। ভাষণে তিনি বলেন, গাজায় আমাদের অভিযানের মূল উদ্দেশ্য হলো সেখানে আমাদের আটকে থাকা জিম্মিদের উদ্ধার এবং ক্ষমতাসীন হামাসকে বিদায় করা। গাজায় চূড়ান্ত বিজয় অর্জনের আগ পর্যন্ত আমাদের অভিযান চলবে।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে অতর্কিত হামলা চালায় হামাস এবং তার মিত্রগোষ্ঠী প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদের একদল যোদ্ধা। সেখানে ১ হাজার ২০০ জনকে হত্যার পাশাপাশি ২৪২ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় যোদ্ধারা।
এ ঘটনার পর ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। তাদের অভিযানে এ পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৪১ হাজারেরও বেশি বং আহত হয়েছেন ৮০ হাজারেরও বেশি ফিলিস্তিনি। নিহত এবং আহতদের ৫৬ শতাংশই নারী এবং শিশু।
ইউডি/এবি

