ইসরায়েলের বিমান হামলা, হিজবুল্লাহ প্রধান বেঁচে আছেন
উত্তরদক্ষিণ। শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪, আপডেট ১১:৪০
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহকে লক্ষ্য করে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। হামলায় নাসরুল্লাহ আহত অথবা নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছিল।
তবে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, নাসরুল্লাহ বেঁচে আছেন এবং সুস্থ আছেন। হিজবুল্লাহর কাছের সূত্র থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
শুক্রবার ইসরায়েলি বাহিনী লেবাননের রাজধানী বৈরুতের হিজবুল্লাহ সদর দপ্তরে হামলা চালায়। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি জানান, বিমানবাহিনী সদর দপ্তরকে লক্ষ্যবস্তু করেছে। তিনি দাবি করেন, বৈরুতের দাহিয়েতে বেসামরিক ভবনের নিচে ওই সদর দপ্তর তৈরি করা হয়েছিল।
এ হামলার আগেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে কথা বলেন এবং হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেন। তাঁর বক্তব্যের এক ঘণ্টা পরই লেবাননের রাজধানীতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে।
যদিও নাসরুল্লাহ বেঁচে আছেন, তবে এই হামলায় অনেক মানুষ আহত এবং নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। হামলার স্থানে বেশ কয়েকটি উঁচু ভবন ধসে পড়েছে। আলজাজিরা জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচ থেকে অন্তত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আরও অনেকে আটকে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: আল-জাজিরা
ইউডি/কেএস

