বৈষম্যহীন মুন্ডির্ফামা ও কিছু কর্মকর্তার পদত্যাগের দাবিতে মানববন্ধন
উত্তরদক্ষিণ। শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪, আপডেট ১৯:৪০
সেলস টিম ও কর্পোরেট অফিসের কিছু কর্মকর্তার পদত্যাগের এক দফা এক দাবিতে মুন্ডির্ফামা বাংলাদেশ লিমিটেডের কর্মকর্তা-কর্মচারিরা মানববন্ধন করেছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রতিষ্ঠানের কান্টি ম্যানেজার অমিত কুমার গুহ, ডেপুটি জেনারেল ম্যানেজার (মাকেটিং) জামিল উদ্দিন মজুমদার, সেলস ম্যানেজার দিপক কুমার অধিকারী, সেলস ম্যানেজার মো. হেদায়েত উল্লাহ পারভেজের পদত্যাগ দাবি করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের যৌক্তিক দাবীগুলো বাস্তবায়নের লক্ষ্যেই আমরা সকলে মিলে এক হয়ে কাজ করবো। আমাদের অধিকার ফিরে পেতে যে কোন কর্মসূচি বাস্তবায়ন করতে আমরা বদ্ধ পরিকর। আমরা কেউ কেন্দ্রীয় নির্দেশনার বাহিরে গিয়ে কোন প্রকার আন্দোলনে যাবো না। সময় সুযোগ আর বাস্তবতার আলোকে আমরা সকল সিদ্ধান্ত নিবো এবং সারা বাংলাদেশে একযোগে সেটা বাস্তবায়ন করবো।
প্রতিষ্ঠানের আরএসএম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এবং পিএসও আশরাফুল হাফিজের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন সেলস ম্যানেজার মাসুদ আহমেদ, ডেপুটি সেলস ম্যানেজার মাসুম আনসারী, পিএসও রাসেল আহমেদ, পিএসও বোরহান উদ্দিন, পিএসও মো. হায়দার, পিএসও নাইম আহমেদ প্রমুখ।
বেতন বৃদ্ধি ও বৈষম্যহীন মুন্ডির্ফামাসহ ১৬ দফা দাবিতে গত ১৭ সেপ্টেম্বর থেকে আন্দোলন করে আসছিল প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারিরা। ২১ সেপ্টেম্বর পর্যন্ত ১৬ দফা মেনে নেয়ার জন্য সময় বেঁধে দিয়েছিল আন্দোলনকারীরা। বেঁধে দেওয়া সময়ের মধ্যে দাবি পূরণ না হলে সেলস টিম ও কর্পোরেট অফিসের কিছু কর্মকর্তার পদত্যাগসহ এক দফা এক দাবিতে আন্দোলনে যাবে বলে হুশিয়ারি করা হয়েছিল।
১৬ দফা দাবি সমূহ:
১. সর্বনিম্ন বেতন ২৩ হাজার টাকা অথবা বাংলাদেশে অবস্থানরত মাল্টিন্যাশনাল কোম্পানির নিয়ম অনুসারে প্রফেশনাল সেলস অফিসারদের বেতন প্রদান করতে হবে। বাৎসরিক ইনক্রিমেন্ট ও গ্রোথ স্যালারি বাংলাদেশের শ্রম আইন অনুযায়ী দিতে হবে এবং কর্পোরেট অফিস ও সেলস প্রফেশনে একই তারিখে বেতন দিতে হবে।
২. ডি.এস.এম লেভেলে ৩৫ হাজার টাকা আর.এস.এম লেভেলে ৫০ হাজার টাকা, ডেপুটি সেলস ম্যানেজার ৬০০০০ টাকা ও এস এম লেভেলের সর্বনিম্ন বেতন ৬৫ হাজার টাকা অথবা বাংলাদেশে অবস্থানরত মাল্টিন্যাশনাল কোম্পানির নিয়ম অনুসারে বেতন দিতে হবে।
৩. রাগ বা ক্ষোভ এর বশবর্তি হয়ে আন্দোলনের সাথে সম্পৃক্ত কোন ব্যাক্তিকে আগামি ১ বছরের মদ্ধে চাকরীচ্যুত করা যাবে না। ৪. হেডকোয়ার্টার এর ডেইলি অ্যালাউন্স ৩৫০ টাকা এক্স হেড কোয়ার্টারে ৫০০ টাকা ও এস ১২০০ টাকা এবং পরিবহন খরচ ন্যূনতম ৪০০ টাকা প্রদান করতে হবে।
৫. বর্তমান দাবি থেকে যদি কারো বেতন (সকল পোষ্টের ক্ষেত্রে প্রযোজ্য) বেশি থাকে তাহলে তাদের বেতনও ন্যূনতম ১০% বৃদ্ধি করতে হবে।
৬. ডি. এস. এম. আর. এস. এম. ডেপুটি সেলস ম্যানেজার ও এস এম লেভেলে বর্তমান টি.এ. ডি.এ ও.এস এবং পরিবহন খরচ নূন্যতম ২৫% বৃদ্ধি করতে হবে।
৭. পি.এস.ও দেরকে দিয়ে প্রেশক্রিপশনের ছবি তোলা বন্ধ করতে হবে।
৮. ক্রেডিট কালেকশনের সাথে ইন্সেন্টিভের কোন শর্ত থাকবে না। বিগত বছরগুলোর যত বকেয়া ইন্সেন্টিভ পাওনা আছে তা আগামী বেতনের সাথে অথবা আগে প্রদান করতে হবে।
৯. কোম্পানির সকল কর্মচারী সহ পরিবারের অন্যান্য সদস্যদের (পিতা, মাতা, স্ত্রী, সন্তান) চিকিৎসার সু-ব্যবস্থা করতে হবে।
১০. যেকোনো পোস্ট থেকে ডিমোশনপ্রাপ্ত কর্মীদের তাদের পূর্বের পোস্টে বহাল করতে হবে এবং সেলস পারফরম্যান্সের উপর নির্ভর করে কাউকে ডিমোশন দেওয়া যাবে না।
১১. ডাক্তার ভিজিট করার জন্য গিফট আইটেম ও স্যাম্পল বাড়াতে হবে।
১২. কথায় কথায় চাকুরিচ্যুত করা যাবে না,এবং ট্রান্সফার এর জন্য বাধ্য করা যাবে না। পদোন্নতিতে ট্রান্সফারের জন্য নূন্যতম ১ মাস পূর্বে জানাতে হবে।
১৩. পদত্যাগকারী কর্মী ১ মাসের নোটিশ সাপেক্ষে কোম্পানি ত্যাগ করতে পারবে এবং যদি কোম্পানি অব্যাহতি প্রদান করে সেক্ষেত্রে পদত্যাগকারী কর্মী ও অব্যাহতি প্রদানকারী কর্মী উভয়কে ৩ মাসের বেতন প্রভিডেন্ট ফান্ড সহ সকল পাওনাদি ৪৫ কর্মদিবসের মধ্যে প্রদান করতে হবে।
১৪. সেলস টিম ও কর্পোরেট অফিসের কোন কর্মকর্তা অনৈতিক সেলস এর জন্য পিএসওদের উপর চাপ প্রয়োগ করলে তাকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে।। প্রয়োজনে চাকুরিচ্যুত করতে হবে।
১৫. ডি.এস.এম/আর.এস.এম/ এস.এম সহ কোম্পানির উর্ধতন কর্মকর্তারা পি.এস.ও দের কুরুচিপূর্ণ বা বিতর্কিত কথা বললে তাকে বহিষ্কার করতে হবে এবং কোনো প্রকার মানসিক চাপ প্রয়োগ করতে পারবেনা, যদি করে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে।
১৬. ধর্ম নিরপেক্ষ কর্মসংস্থান তৈরি করতে হবে।
ইউডী/এআর

