ক্রিকেট দলের মালিকানা দখলের অভিযোগে মাশরাফির বিরুদ্ধে মামলা
উত্তরদক্ষিণ। সোমবার (৩০ সেপ্টেম্বর), ২০২৪, আপডেট ২৩:০০
বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) দল সিলেট স্ট্রাইকার্সের মালিকানা ‘জোর করে’ লিখিয়ে নেওয়ার অভিযোগে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার বিরুদ্ধে মামলা হয়েছে ঢাকার পল্লবী থানায়।
রবিবার (২৯ সেপ্টেম্বর) রাতে দলটির সাবেক মালিক সারোয়ার গোলাম চৌধুরী মামলাটি দায়ের করেন বলে জানিয়েছেন পল্লবীর ওসি নজরুল ইসলাম।
মামলার অন্য আসামিরা হলেন- হেলাল বিন ইউসুফ শুভ্র, মো. ইমাম হাসান, রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কম্পানির একজন কর্মকর্তা (অজ্ঞাতপরিচয়), কে এম রাসেল ও বাবলু।
এছাড়া অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামি করা হয়েছে।
ওসি নজরুল বলেন, এটা কোনো রাজনৈতিক মামলা না, এটা একটা ব্যবসায়ীক মামলা। মাশরাফিকে প্রধান আসামি করে দায়ের করা এই মামলায় আরও ৫ জনকে আসামি করা হয়েছে।
মামলায় বাদী অভিযোগ করেছেন, মাশরাফির কার্যালয়ে বসে হেলাল বিন ইউসুফ শুভ্র নামের একজন জোর করে তার কাছ থেকে সিলেট স্ট্রাইকার্সের মূল প্রতিষ্ঠান ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেডের মালিকানা কেড়ে নেন।
সে সময় সারোয়ার চৌধুরীর মাথায় রিভলবার ঠেকানো হয়েছিল বলে অভিযোগ করা হয়েছে।
ইউডি/এবি

