কখনও ভাবিনি ফুটপাতের একটা ছেলে এত বড় সম্মান পাবে: মিঠুন

কখনও ভাবিনি ফুটপাতের একটা ছেলে এত বড় সম্মান পাবে: মিঠুন

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০১ অক্টোবর, ২০২৪, আপডেট ১১:০০

ইন্ডিয়ার সম্মানজনক দাদাসাহেব ফালকে পুরস্কার পেতে চলেছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে এক টুইটবার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

এর আগে একমাত্র বাঙালি হিসাবে দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। এবার দ্বিতীয় বাঙালি হিসেবে সেই পুরস্কার পেতে যাচ্ছেন মিঠুন চক্রবর্তী।

সম্মানজনক এই পুরস্কার প্রাপ্তির খবরে আপ্লুত ‘মহাগুরু’। এদিন আবেগতাড়িত মিঠুন বলেন, ‘কখনও ভাবিনি ফুটপাতের একটা ছেলে এত বড় সম্মান পাবে। আমি কলকাতার অন্ধ গলি, সেখান থেকে উঠে এসেছি। মুম্বাইয়ের রাস্তার ফুটপাতে থেকেছি। কখনও কল্পনা করতে পারিনি, এত বড় একটা সম্মান পাব। বিশ্বাস করুন, আমি আক্ষরিক অর্থেই হতবাক। হাসতেও পারছি না, কাঁদতেও পারছি না। এমন একটা সম্মান দিলে কে কী বলবে, কেউই কিছু বলতে পারে না। আমি এই পুরস্কার আমার পরিবার ও বিশ্বজুড়ে থাকা অগণিত ভক্তকে উৎসর্গ করছি।’

মিঠুনের কথায়, ‘আমি শুধু আমার সেই অনুরাগীদের উদ্দেশ্য বলতে চাই- যারা আর্থিকভাবে শক্তিশালী নয়, আমি যদি এখানে পৌঁছতে পারি, তাহলে আপনারাও পারবেন।’

এর আগে সোমবার সকালে অশ্বিনী বৈষ্ণব এক্স হ্যান্ডেলে লেখেন, ‘দাদাসাহেব ফালকে বাছাই জুরি বোর্ড কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তীকে ভারতীয় চলচ্চিত্রে তার আইকনিক অবদানের জন্য পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে। ৮ অক্টোবর ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে তার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে।’

অশ্বিনী বৈষ্ণ আরও লেখেন, ‘মিঠুন দা’র অসাধারণ সিনেম্যাটিক সফর সব প্রজন্মের কাছে অনুপ্রেরণা। সিলেকশন জুরি কিংবদন্তি অভিনেতাকে দাদাসাহেব ফালকে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় চলচ্চিত্রে মিঠুনজি’র অসামান্য অবদান রয়েছে।’

প্রসঙ্গত, এর আগে ২০২৪ সালের জানুয়ারিতে মিঠুন ভারত সরকার কর্তৃক তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মভূষণে ভূষিত হয়েছিলেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading