তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস

তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস

উত্তরদক্ষিণ। বুধবার, ০২ অক্টোবর, ২০২৪, আপডেট ১৩:৩০

দেশের তিন বিভাগে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে সব বিভাগেই বৃষ্টি হবে বলেও জানিয়েছে সংস্থাটি।

বুধবার (২ অক্টোবর) সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন বিষয়টি জানিয়েছেন।

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। ঢাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার; যা দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে বইছে। সকাল ৬টায় ঢাকার বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪৪ মিনিটে।

গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ২৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রামের সন্দ্বীপে। ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ২ মিলিমিটার।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading