সাবেক মেয়র তাপসের ব্যাংক হিসাব জব্দ
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০৮ অক্টোবর, ২০২৪, আপডেট ০৯:৩০
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। তার স্ত্রী আফরিন তাপস শিউলি, ছেলে শেখ ফজলে নাশওয়ান এবং তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর ব্যাংক হিসাবও স্থগিত করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এ বিষয়ে নির্দেশনা পাঠিয়েছে।
বিএফআইইউ’র এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। জব্দ হওয়া হিসাবগুলো আগামী ৩০ দিন লেনদেন বন্ধ থাকবে। প্রয়োজনে এই সময় বাড়ানো হবে।
লেনদেন স্থগিত করার এই নির্দেশনার আওতায় মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা প্রযোজ্য হবে। চিঠিতে তাপসের নাম ও জাতীয় পরিচয়পত্রের তথ্য উল্লেখ করা হয়েছে।
বিএফআইইউর নির্দেশনায় বলা হয়েছে, স্থগিত হিসাবের সাথে সম্পর্কিত তথ্য, যেমন হিসাব খোলার ফরম এবং লেনদেন বিবরণী, চিঠির তারিখ থেকে ২ কার্যদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠাতে হবে।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী, তাপসও ওই সময়ে দেশ ছেড়েছেন। তিনি বেসরকারি মধুমতি ব্যাংকের পরিচালক হিসেবে এখনো বহাল রয়েছেন।
ইউডি/কেএস

