কর্মসংস্থান অধিদপ্তর গঠনের কথা ভাবছে সরকার: শ্রম উপদেষ্টা
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪, আপডেট ১৫:১৫
বর্তমান সরকার কর্মসংস্থান সৃষ্টির জন্য কর্মসংস্থান অধিদপ্তর গঠনের কথা কথা ভাবছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে ‘বিএসআরএফ মতবিনিময়’ অনুষ্ঠানে উপদেষ্টা এ কথা বলেন। সচিবালয় কাভার করা সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এ অনুষ্ঠানের আয়োজন করেছে।
তিনি বলেন, ‘নাম কর্মসংস্থান মন্ত্রণালয়, কিন্তু কর্মসংস্থানের কোন কিছু নেই। আমরা একটা কর্মসংস্থান অধিদপ্তর করার কথা ভাবছি।’
শ্রমিকদের শ্রমবান্ধব পরিবেশ সৃষ্টির জন্য বর্তমান সরকার কাজ করছে বলেও জানিয়েছেন তিনি।
মতবিনিময় অনুষ্ঠান বিএসআরএফ সাধারণ সম্পাদক মাসউদুল হকের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ফসিহ উদ্দীন মাহতাব।
ইউডী/এআর

