আইয়ুব বাচ্চুর ৩০ গানের শিরোনামে একটি গান!

আইয়ুব বাচ্চুর ৩০ গানের শিরোনামে একটি গান!

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪, আপডেট ১০:৩০

এমন চেষ্টা অতীতে অনেক হয়েছে, সামনেও হবে। তবে মধ্যিপথে যে কাজটি করে ফেলেছেন পার্থিব ব্যান্ডের রুমন, সেটি ইউনিক হয়ে থাকবে বলেই আভাস মিলছে। সংগীত কিংবদন্তি আইয়ুব বাচ্চুর প্রস্থান বুকে চেপে অসাধারণ একটি গান বেঁধেছেন তার এই যোগ্য উত্তরসূরি। যে গানে স্থান পেয়েছে আইয়ুব বাচ্চুর সৃষ্টি ৩০টি গানের শিরোনাম।

অথচ, পুরো গানজুড়ে একটুও টের পাওয়া যাবে না ছন্দপতনের। মনেই হবে না, শুধু নাম মেলানোর জন্য গানটি তৈরি হয়েছে। বিশ্বাস না হলে নিজেরাই মিলিয়ে নিন-

ময়না, চলো বদলে যাই
এই ঘুম ভাঙা শহরে
মাধবী’র রাত আজও নীল বেদনায়
কেটে যায় কোনও ঘুমন্ত শহরে।।

তারা ভরা রাতে সুখী ছেলেটা
রূপালী গিটার হাতে
এখন অনেক রাত, যদি ভুল করে
চাঁদ মামাকে ডাকে-

তবে রাতের তারা ভাসে জল জোছনায়
সুখেরই পৃথিবী, সুখেরই অভিনয়
ফেরারী মন শুধু খুঁজে যায় তোমাকে-
তাই ময়না, চলো বদলে যাই
এই ঘুম ভাঙা শহরে!

আপন কেউ নাই আমার
তাই দূরের তোমাকে
জন্মহীন নক্ষত্র জানে
কষ্ট কাকে বলে

ঐ রোদ্দুর জানে না
বহুদূরে যেতে হবে আমাকে
রাত জাগা পাখি হয়ে পালতোলা নায়
কোনও দুঃখিনী রাতে-
তাই ময়না, চলো বদলে যাই
এই ঘুম ভাঙা শহরে!

ভাড়াখাটা গিটারের ভাড়াখাটা এক প্রেমিক
যায় সাড়ে তিন হাত মাটির ভেতরে
সেই খবর আজ হকার বিলায়
হাসতে দেখার গান কানে বেজে যায়
ছোট্ট উপমার এই বাংলাদেশে-
তবু ময়না, চলো বদলে যাই
এই ঘুম ভাঙা শহরে!

আজ, আইয়ুব বাচ্চুর মৃত্যু দিনে (১৮ অক্টোবর) তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এই গানটি প্রকাশ করতে যাচ্ছেন রুমন।

গানটি সৃষ্টি প্রসঙ্গে রুমন বলেন, ‘বাচ্চু ভাই চলে যাবার পরপরই, অর্থাৎ ২০১৮ সালে লিখে সুর করেছিলাম গানটা। এরপর যথারীতি করছি, করবো করতে করতে মাঝে ৬ বছর পার হয়ে গেলো। গত সপ্তাহে হঠাৎ মনে পড়লো গানটার কথা। সাথে সাথে ঠিক করলাম যে ১৮ অক্টোবর বাচ্চু ভাই-এর মৃত্যুবার্ষিকীতে গানটা রিলিজ করবো। গত কয়েকদিন টানা খেটে গানটি চূড়ান্ত করেছি। শান্তি লাগছে এখন। আশা করছি গানটি শুনে শ্রোতারা স্মৃতিকাতর হবে। কারণ, গানটির লাইনে লাইনে আমি চেষ্টা করেছি বাচ্চু ভাইয়ের সৃষ্টির ছোঁয়া রাখতে।’

রুমন জানান, ১৮ অক্টোবর বেলা ৩টায় নিজের ইউটিউব চ্যানেলে বিশেষ গানটি উন্মুক্ত করবেন।

বলা দরকার, ২০১৮ সালের ১৮ অক্টোবর হঠাৎ করেই না ফেরার দেশে পাড়ি জমান গিটার লিজেন্ড আইয়ুব বাচ্চু।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading