প্রথমবার নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড
উত্তরদক্ষিণ। রবিবার (২০ অক্টোবর), ২০২৪, আপডেট ২৩:৩০
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবারের মতো নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে নিউজিল্যান্ড।
রবিবার (২০ অক্টোবর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে নিউজিল্যান্ডের জয় ৩২ রানে।
টানা দ্বিতীয় ফাইনালে হারল দক্ষিণ আফ্রিকা। মাস চারেক আগে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালেও হারে প্রোটিয়ারা।
প্রথম দুই আসরের রানার্সআপ নিউ জিল্যান্ড ১৪ বছর পর আরেকটি ফাইনালে উঠে পেল শিরোপার স্বাদ।
সুজি বেটসের ত্রিশোর্ধ, অ্যামেলিয়া কার ও ব্রুক হ্যালিডের চল্লিশোর্ধ ইনিংসে ৫ উইকেটে ১৫৮ রানের পুঁজি গড়ে নিউ জিল্যান্ড।
জবাবে ৪১ বলে ৫১ রানের উদ্বোধনী জুটিতে ভালো কিছুর ইঙ্গিত দেয় দক্ষিণ আফ্রিকা, কিন্তু এরপর পথ হারিয়ে শেষ পর্যন্ত তারা ৯ উইকেটে করতে পারে ১২৬।
লেগ স্পিনিং অলরাউন্ডার অ্যামেলিয়া বোলিংয়েও নিজেকে মেলে ধরেন দারুণভাবে। ব্যাট হাতে ৩৮ বলে সর্বোচ্চ ৪৩ রানের ইনিংস খেলার পর দলের সফলতম বোলারও তিনিই, ৪ ওভারে ২৩ রানে নেন ৩ উইকেট।
পেসার রোজমেরি মেয়ারও নেন ৩ উইকেট, ২৫ রান দিয়ে।
ইউডি/এবি

