ব্যক্তি করদাতাদের আয়কর রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক
উত্তরদক্ষিণ। মঙ্গলবার (২২ অক্টোবর), ২০২৪, আপডেট ২২:২০
ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে অবস্থিত আয়কর সার্কেলের আওতাধীন সরকারি কর্মচারীদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন (ই-রিটার্ন) দাখিল বাধ্যতামূলক করার আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
মঙ্গলবার (২২ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এই আদেশ জারি করে।
আদেশে সকল তফসিলি ব্যাংক, সকল মোবাইল টেলিকম সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং কতিপয় বহুজাতিক কোম্পানি-ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড, ম্যারিকো বাংলাদেশ লিমিটেড, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, বাটা স্যু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড, নেসলে বাংলাদেশ পিএলসি-তে কর্মরত কর্মকর্তা/কর্মচারিদের আয়কর রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।
এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪-২০২৫ কর বছরের জন্য অনলাইনে আয়কর রিটার্ন জমা এবং অর্থ প্রদানের পদ্ধতি সহজ করার লক্ষ্যে এনবিআর এই পদক্ষেপ গ্রহণ করে।
৯ সেপ্টেম্বর থেকে করদাতাদের জন্য অনলাইন রিটার্ন দাখিল করার ব্যবস্থা চালু করা হয়েছে। স্বতন্ত্র করদাতারা জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইট http://www.etaxnbr.gov.bd ব্যবহার করে সহজেই তাদের রিটার্ন প্রস্তুত করতে এবং অনলাইনে ফাইল করতে পারছেন।
ইউডি/এবি

