ডিমের সাপ্লাই চেইন বিঘ্নিত হলেই আইনগত ব্যবস্থা: ভোক্তার ডিজি
উত্তরদক্ষিণ। বুধবার (২৩ অক্টোবর), ২০২৪, আপডেট ২৩:২০
ডিমের সাপ্লাই চেইন বিঘ্নিত হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক (ডিজি) আলীম আখতার খান।
বুধবার (২৩ অক্টোবর) ডিমের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়ে ডিম উৎপাদনকারী প্রতিষ্ঠান, এজেন্ট ও ডিলার, ডিম ব্যবসায়ী ও সমিতির ব্যবসায়ী প্রতিনিধিদের অংশগ্রহণে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ডিজি বলেন, আগের সরকার বিদায় নিয়েছে জনগণের চাপের মুখে। এখন পরিবর্তিত অবস্থার বাস্তবতায়, অন্য কোনো চাপ থাকার সুযোগ নেই। নতুন বাস্তবতায় ডিমসহ সব পণ্যের যৌক্তিক মূল্য নির্ধারণ করা সম্ভব হবে।
ডিমের উৎপাদন থেকে পাইকারি পর্যন্ত অব্যবস্থাপনা আছে উল্লেখ করে তিনি বলেন, ডিমের সাপ্লাই চেইন বিঘ্নিত হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এখনও কোথাও কোথাও বেশি দামে ডিম বিক্রি হচ্ছে। সিন্ডিকেট পেলেই কঠোর ব্যবস্থা।
প্রতিটি জেলায় জেলা প্রশাসককে সঙ্গে নিয়ে প্রান্তিক খামারিদের সমন্বয়ে সংগঠন করার কথা ভাবা হচ্ছে বলেও জানান আলীম আখতার খান। তিনি বলেন, প্রতিটি জেলায় প্রশাসকদের সমন্বয়ে খামারিদের সুসংগঠিত করা হবে। ক্ষুদ্র ব্যবসায়ীরাও পলিটিক্যাল আশ্রয়ে ছিল। এখন সেটি কমে আসছে। ধীরে ধীরে আরও কমে আসবে।
খামারিদের সঙ্গে ফিডের ব্যাপারে আলোচনা হয়েছে জানিয়ে ভোক্তা মহাপরিচালক বলেন, ফিডের দাম কমবে। তবে একটু সময় লাগবে।
ইউডি/এবি

